তন্ময় ভট্টাচার্য দল থেকে সাসপেন্ডেড হয়েছিলেন। তবে কোনও না কোনও ভাবে দলের নানা কর্মসূচিতে জড়িয়ে রয়েছেন তিনি। সেই তন্ময় ভট্টাচার্যকে নিয়েই এবার চলছে নানা জল্পনা। নেপথ্যে রয়েছে তাঁরই লেখা বেশ কিছু কবিতা। যেগুলি তিনি পরপর ফেসবুকে পোস্ট করেছেন। কখনও লিখেছেন, 'সরিয়ে নিয়েছ জুতো, দাঁড়িয়ে আছি শূন্য পায়, মাথা থেকে বালিশও সরিয়ে নিয়েছ সেই কবে। সব রঙ বর্ণহীন, এ মগজে কারফিউ-ই হবে।' আবার কখনও তিনি লেখার মাধ্যমেই নিয়েছেন, 'সিদ্ধান্ত'। তবে কি এবার প্রতীক উর রহমানের পথে হেঁটে দলবদল করছেন তন্ময়ও? bangla.aajtak.in-এ মুখ খুললেন এই CPIM নেতা।
জল্পনা তৈরি করেছে তন্ময়ের কবিতা
তন্ময় ভট্টাচার্য দোল উৎসবের তিন দুপুরে একটি স্বরচিত কবিতা পোস্ট করেছেন। 'সিদ্ধান্ত' শীর্ষক এই কবিতার কয়েকটি লাইন বেশ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। তন্ময় লিখেছেন, 'আমার যে নৌকার নোঙর গিয়েছে উড়ে ঝড়ে। অবহেলা, অপমান দিন দিন সহ্য করে করে।' আবার কবিতার লাইনে রয়েছে, 'দেওয়াল মানে শুধু পথশেষ নয় আমি জানি। আসলে এক মোড় হয়তো নতুন কোনও বাঁক।' তবে কি তিনিও বেসুরো? অন্য কোনও রাজনৈতিক দলে যোগদানের হাতছানি রয়েছে এই নেতার কাছে?
কী বলছেন তন্ময়?
দলবদলের জল্পনা উড়িয়ে CPIM নেতার সাফ বক্তব্য, 'আমার পিঠে আর যে কোনও স্ট্যাম্প লাগানো হোক না কেন, অসৎ আর বিশ্বাসঘাতক, এই দু'টো স্ট্যাম্প লাগানো যাবে না। এই মন্তব্য আমি এখনও প্রত্যাহার করিনি। সুতরাং আমি পার্টি ছাড়ছি, এইসব গালগপ্প যাঁরা করছেন, তাঁরাই বলতে পারবেন পিছনে কী সূত্র আছে। আমার কাছে দল পাল্টানোর সূত্র নেই। আমি বামপন্থী পরিবারে জন্মেছি, বামপন্থী হিসেবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।'
তবে একাধিক দলের তরফে তাঁকে নানা অফার দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, '২০১৬ সালের বিধানসভা ভোটের রেজাল্ট বেরনোর পর থেকে এই ধারা চলছে। এখনও চলছে, এমনকী আজকেও চলছে।'
তবে তাঁর কবিতাগুলি কীসের ইঙ্গিত? CPIM নেতার কথায়, 'আমি কিছু বলব না, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কবি যখন কবিতা লেখেন, তখন তিনি জানেন না কোন পাঠক সেই কবিতার কী মানে করবেন। রবীন্দ্রনাথ ফুলের কবিতা লিখে বলেছেন, এতে গন্ধ পাওয়ার আনন্দ আছে। এবার কে কী গন্ধ পাচ্ছেন, জানি না। আমি প্রচুর কবিতা লিখি, বরাবরই লিখি। বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন, কাগজে ছাপা হয়েছে। হঠাৎ একটা দু'টো কবিতা নিয়ে ভোটের বাজারে আলোচনা কেন, বুঝছি না।'
উত্তর দমদম কেন্দ্র থেকে অন্য কোনও নেতাকে দল টিকিট দিলে তাঁর হয়ে প্রচার করতে দেখা যাবে তন্ময় ভট্টাচার্যকে? তিনি বলেন, 'আমি তো টিকিট চাইনি। পার্টি যদি গোটা কার্শিয়ং কিংবা কাকদ্বীপে প্রচার করতে যেতে বলে, সেখানেও যাব। যদি মিছিলে স্লোগান দিতে বলে, তা-ও করব।'