শুভেন্দুর দাবি, নন্দীগ্রামে প্রায় ৩০ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছেন। Suvendu Adhikari speech: মুসলমান পরিযায়ী শ্রমিকদের ফেরানোর আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিজেপির কর্মীসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা। সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ শানান। শুভেন্দুর দাবি, নন্দীগ্রামে প্রায় ৩০ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছেন। তার মধ্যে প্রায় ১৬ হাজার মুসলমান। তাঁর কথায়, 'এঁদের অধিকাংশই বিজেপি শাসিত রাজ্যে কাজ করেন। শুধু মহারাষ্ট্রেই প্রায় ৩ হাজার মুসলমান যুবক কাজ করছেন। তাঁদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের।'
শুভেন্দু বলেন, 'গতবার আমার বিরুদ্ধে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মীনাক্ষী মুখোপাধ্যায়। তবুও মানুষ আমাকে সমর্থন করেছেন।' তাঁর দাবি, '২০১৬-তে বিজেপি পেয়েছিল ৩টি আসন, ২০২১-এ ৭৭টি। ২০২৬-এ ১৭৭-র বেশি আসন পাবে বিজেপি।' তাঁর বক্তব্য, নন্দীগ্রামে ভাল ফলাফল নিয়েও তিনি নিশ্চিত। |
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, 'উনি ওইদিন নমাজ পড়তে গিয়েছিলেন। আমি কালীঘাটে গিয়েছিলাম। নমাজ পড়াটা খারাপ নয়। সেটা ইসলাম ধর্ম যাঁরা মানেন, তাঁদের। ওটা নিজেকে হিন্দু বলা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নয়।'
এছাড়াও ভবানীপুর কেন্দ্রের প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'নন্দীগ্রামটা আপনারা দেখে নেবেন। দায়িত্ব নেবেন। মাঝে মাঝে দেখা হবে। ভবানীপুরে আমি কেমন করে চরকি কাটাতে হয় দেখাব। আমার নাম শুভেন্দু অধিকারী।'
বিশ্লেষকদের মতে, শুভেন্দুর বক্তব্যে একটি বিষয় স্পষ্ট। সংখ্যালঘু ও পরিযায়ী শ্রমিকদের ইস্যু সামনে এনে নতুন ভোট সমীকরণ তৈরির চেষ্টা করছে বিজেপি।