এদিন সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও ছিলেন।'কারও যদি সাহস থাকে, সে মিম-ই হোক বা হুমায়ুন কবীর কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরহাদ হাকিম; একবার দেখান তো বাবরি মসজিদ বানিয়ে। পুরা ভারত টুট পড়েগা।' হুমায়ুন কবীরের প্রসঙ্গ উঠতেই আক্রমণ শানালেন শমীক ভট্টাচার্য। মঙ্গলবার সল্টলেকের দলীয় দফতরে সাংবাদিক বৈঠকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপির রাজ্য সভাপতি।
এদিন সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও ছিলেন।
এক সাংবাদিকের প্রশ্ন ছিল, 'ফিরহাদ হাকিমের অভিযোগ; বিজেপি নাকি হুমায়ুন কবীরের দলকে অর্থ সাহায্য করছে। কী বলবেন?' উত্তরে শমীক বলেন, 'ওঁর কাছে নিশ্চয়ই খবর আছে, তাই বলছেন। ওঁর যে ‘মিনি পাকিস্তান’ আছে, সেখানে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বিষয় নিয়ে কোনও পদক্ষেপ নেননি।'
শমীক ভট্টাচার্যের দাবি, বিজেপির কোনও ধর্মের বিরুদ্ধে শত্রুতা নেই। তিনি বলেন, 'ভারতীয় মুসলমানদের সঙ্গে বিজেপির কোনও বিরোধ নেই। আমরা এপিজে আব্দুল কালাম, কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের সম্মান করি।' তবে টুকরে টুকরে গ্যাং বা আফজল গুরুর সমর্থকদের আমরা সমর্থন করি না।'
এর পরেই বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'যে গোলামির নিশান আমরা সরিয়েছি, তা আবার তৈরি হতে দেওয়া হবে না। কেউ যদি সেই চেষ্টা করে, পশ্চিমবঙ্গের প্রতিটি সম্প্রদায় তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।'