হাত ছেড়ে পদ্ম ধরলেন কলকাতার পোড়খাওয়া কংগ্রেস নেতাছাব্বিশের আগে ফের একবার কংগ্রেস শিবিরে ভাঙন। এবার খাস কলকাতায় হাত শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কলকাতার পোড়খাওয়া কংগ্রেস নেতা সন্তোষ পাঠক। গত ২২ বছর ধরে কংগ্রেসের টিকিটে জিতে আসা এই নেতা সোমবার সন্ধ্যায় নিউটাউনে বিজেপির কার্যালয়ে উপস্থিত হয়ে পদ্ম ব্রিগেডে যোগ দেন। তাঁর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং দুই কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব ও অমিত মালব্যও।
সন্তোষ পাঠক বর্তমানে কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সূত্রের খবর,তাঁকে চৌরঙ্গী আসন থেকেই প্রার্থী করতে পারে বিজেপি। যদিও বিষয়টি নিয়ে নিজে কোনও মন্তব্য করেননি সন্তোষ পাঠক। তবে এদিন যোগদানের পরে সন্তোষ বলেন, ‘আমি আটবার নির্বাচনে লড়েছি। কিন্তু এই রাজ্যে তৃণমূলকে সরাতে পারবে না কংগ্রেস। সেই কারণেই আমি বিজেপিতে যোগদান করলাম।‘
কংগ্রেসের জন্য বড় ধাক্কা
তবে সন্তোষের BJP-তে যোগদান কংগ্রেসের জন্য বড় ধাক্কা। ২০২১ সালে হাত শিবির KMC নির্বাচনে দুটি আসন জিতেছিল। ১৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম আনসারি আগেই টিএমসিতে যোগ দিয়েছিলেন। আর এবার চারবারের কাউন্সিলর পাঠক যোগ দিলেন বিজেপিতে। ফলে KMC-এ কংগ্রেসের কোনও কাউন্সিলর রইল না।
চৌরঙ্গী আসনে লড়াই কেমন হতে পারে?
ছাব্বিশের নির্বাচনে চৌরঙ্গী সিটের জন্য ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে TMC। এবার ঘাসফুলের হয়ে সেখানে লড়ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তিন বারের জয়ী বিধায়ক তিনি। অন্যদিকে ২০২১ সালে এই আসনেই কংগ্রেসের হয়ে লড়েছিলেন সন্তোষ। সেবার তিনি ১৩ শতাংশ ভোট পেয়েছিলেন। যেখানে বিজেপি পেয়েছিল ২২ শতাংশ ভোট। অন্যদিকে ৬২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন নয়না বন্দ্য়োপাধ্যায়।
প্রসঙ্গত, সন্তোষ পাঠক যে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারে, এমন জল্পনা ছিলই। এমনকি PM মোদীর ব্রিগেডের দিনই তিনি পদ্ম শিবিরে যোগদান করতে পারেন বলে জল্পনা ছিল। তবে তা হয়নি, অবশেষে ১০ দিন পর বিজেপিতে যোগ দিলেন সন্তোষ পাঠক।