কবে থেকে তাপমাত্রা বাড়বে? জানাল হাওয়া অফিসঅবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত। আর কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে শীত বিদায় নিতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ জুড়েও। তবে উত্তরবঙ্গে ঠান্ডা থাকছে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের মধ্যে সিউড়িতে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির আশেপাশে। এছাড়া উত্তরবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় সাড়ে ৩ ডিগ্রি। এমতাবস্থায় আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামীকাল মঙ্গলবার থেকেই সামান্য বাড়তে শুরু করবে তাপমাত্রা। যদিও স্পষ্ট ভাবে তাপমাত্রার হেরফের বোঝা যাবে ১৪ ফেব্রুয়ারি থেকেই। ওই দিন থেকে বেশ গরম অনুভূত হতে পারে। কলকাতায় আজ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। কিন্তু এরপর চড়চড় করে বাড়বে পারদ। ১৪ ফেব্রুয়ারি কলকাতার আলিপুরে ১৭ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা।
একই অবস্থা জেলার ক্ষেত্রেও প্রযোজ্য। আজ সোমবার, বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রির আশেপাশে। কিন্তু আগামী ১৪ ফেব্রুয়ারি শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হতে পারে ১৩ ডিগ্রি। অর্থাৎ আগামী এক সপ্তাহে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে তাপমাত্রা।
অন্যদিকে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার কোনও বিশেষ পূর্বাভাস বা সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তিন দিন পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই ২ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।