
নৈহাটির বড় মা কালীমন্দির।-ফাইল ছবিএবার নৈহাটির বড়মার দর্শনে স্থানীয় বাসিন্দাদের আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। বহুদিনের দাবি মেনে অবশেষে বিশেষ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আগামী ১ মার্চ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
প্রতিদিনই নৈহাটির বড়মার মন্দিরে হাজার হাজার ভক্তের ভিড় জমে। দূরদূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে ও দর্শন করতে। বিশেষ তিথি, অমাবস্যা কিংবা উৎসবের দিনে সেই ভিড় কয়েক গুণ বেড়ে যায়। নতুন মন্দির নির্মাণের পর দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও পুজো দিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছিল, যা নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এই পরিস্থিতিতে নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্ট বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে সচিত্র ঠিকানাযুক্ত পরিচয়পত্র দেখাতে পারলেই নৈহাটির বাসিন্দারা সাধারণ লাইনে না দাঁড়িয়ে বিশেষ গেট দিয়ে মন্দিরে প্রবেশ করে বড়মার দর্শন করতে পারবেন। আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনও বৈধ ঠিকানাযুক্ত পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে।
ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, 'দীর্ঘদিন ধরেই স্থানীয়দের পক্ষ থেকে এই দাবি উঠছিল। মন্দিরের পরিধি ও ভক্তসংখ্যা অনেক বেড়েছে। তাই নৈহাটিবাসীদের সুবিধার কথা মাথায় রেখেই আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে।' বর্তমানে প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার ভক্ত মন্দিরে আসছেন বলেও তিনি জানান।
বিশ্বাস রয়েছে, বড়মা কাউকে খালি হাতে ফেরান না, এই আস্থাতেই বছরের পর বছর ভক্তদের ঢল নামে নৈহাটিতে। এবার সেই ভিড়ের মধ্যেও স্থানীয়দের জন্য কিছুটা স্বস্তি এনে দিল নতুন এই ব্যবস্থা।