
রেল নিয়ে নাগরিকদের দায়িত্ববোধকে সুদৃঢ় করতে নয়া পদক্ষেপ নিল পূর্ব রেলরেল নিয়ে নাগরিকদের দায়িত্ববোধকে সুদৃঢ় করতে নয়া পদক্ষেপ নিল পূর্ব রেল। রেলের মতো জাতীয় সম্পদ রক্ষার্থে জনসাধারণের কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দিচ্ছে ইস্টার্ন রেলওয়ে। যাত্রীরা যাতে টিকিট কেটেই ট্রেনে চড়েন, তার জন্য বিশেষ প্রচার অভিযান শুরু করেছে রেল। টিকিট কেনাকে শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা হিসেবে না দেখে, জাতীয় সম্পদ টিকিয়ে রাখার লক্ষ্যের প্রতি একটি নৈতিক দায়িত্ব হিসেবে দেখা উচিত বলে মনে করছে পূর্ব রেল।
প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের তরফে বলা হয়েছে, রেলওয়ে আজও দেশের সবচেয়ে সাশ্রয়ী পরিবহন মাধ্যম। উদাহরণস্বরূপ, শিয়ালদা থেকে খড়দহ (১৯ কিমি) যাত্রার ভাড়া মাত্র ৫ টাকা, শিয়ালদা থেকে নৈহাটি (৩৮ কিমি) বা হাওড়া থেকে ব্যান্ডেল (৪০ কিমি) যেতে খরচ হয় মাত্র ১০ টাকা। অন্য কোনও পরিবহনের মাধ্যমে এতটা দূরত্ব এত কম ভাড়ায় যাওয়ার সুযোগ রয়েছে একমাত্র রেলেই। টিকিট ছাড়া ভ্রমণ শুধু অপরাধ নয়, বরং এটি একজন যাত্রীর আত্মসম্মানকেও ক্ষুণ্ণ করে। তাই পূর্ব রেলের আহ্বান, "টিকিট কিনুন, সম্মানের সঙ্গে সফর করুন।"
পাশাপাশি রেলের দাবি, টিকিট না কেটে সফরের তুলনায়, কোনও ব্যক্তি যদি টিকিট কেটে যাত্রা করেন, তাহলেই বরং বেশি টাকা বাঁচাতে পারবেন। কীভাবে এটি সম্ভব? সেই হিসেবও স্পষ্ট করেছে রেলওয়ে।

রেলের তরফে বলা হয়েছে, শিয়ালদা-নৈহাটি বা হাওড়া-ব্যান্ডেল সেকশনে একটি মান্থলি সিজন টিকিটের (MST) দাম মাত্র ১৮৫ টাকা। এই টাকায় একজন যাত্রী এক মাসে আনলিমিটেড সফর করতে পারেন। অন্যদিকে, কোনও ব্যক্তি যদি একমাস টানা টিকিট না কেটে সফর করেন, এরপর একদিন ধরা পড়েন, তাহলে তাঁর ন্যূনতম জরিমানার পরিমাণ হবে ২৬০ টাকা। পাশাপাশি আত্মমর্যাদাও ক্ষুণ্ণ হবে।
শেষ ৩ মাসে বিপুল পরিমাণে যাত্রী টিকিট কাটেননি
রেলের দাবি, আজকাল ডিজিটাল সুবিধা থাকা সত্ত্বেও টিকিট কেনার ক্ষেত্রে পরিসংখ্যানটা যথেষ্ট উদ্বেগজনক। গত তিন মাসেই পূর্ব রেল বিনা টিকিটে ভ্রমণের জন্য ৩,৩০,৪৫১টি জরিমানার কেস রেজিস্টার করেছে। টিকিটহীন সফরের ক্ষেত্রে এই বিপুল সংখ্যক কেস আসলে জনসচেতনতা অভাবকেই তুলে ধরছে।