
পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে তৈরি হওয়া LPG সঙ্কটের পর সরকার গৃহস্থালি ও বাণিজ্যিক ব্যবহারকারীদের পাইপলাইন গ্যাসে বদল করার উৎসাহ দিচ্ছে।
যে সব পরিবার LPG সিলিন্ডার ব্যবহার বন্ধ করতে চাইছেন, তারা এখন PNG সংযোগের জন্য আবেদন করতে পারেন। তবে এই প্রক্রিয়া এবং খরচ নির্ভর করে আপনি কোথায় থাকেন এবং আপনার এলাকায় আগে থেকেই পাইপলাইন রয়েছে কি না, তার উপর।
আপনার শহরে কে দেয় PNG সংযোগ?
বেশিরভাগ শহরে প্রথম ধাপ হল স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটরকে চিহ্নিত করা। প্রতিটি এলাকায় একটি নির্দিষ্ট সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থা থাকে, যাদের অনুমোদন দেয় পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচরাল গ্যাস রেগুলেটরি বোর্ড।
স্টেপ ১: আপনার এলাকায় PNG আছে কি না, দেখুন। গ্রাহকরা সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে নিজের ঠিকানা বা পিন কোড দিয়ে সহজেই জানতে পারেন PNG পরিষেবা রয়েছ কি না। যদি এলাকায় পাইপলাইন আগে থেকেই থাকে, তাহলে অনলাইন বা কাস্টমার কেয়ার সেন্টারে আবেদন করা যায়।
স্টেপ ২: অনলাইন বা অফলাইনে আবেদন করুন। PNG উপলব্ধ থাকলে আপনি আবেদন করতে পারেন কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে (অনলাইন) এবং স্থানীয় কাস্টমার সার্ভিস সেন্টারে (অফলাইন)।
প্রয়োজনীয় নথি- সাধারণত পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং বাড়ির মালিকনার কাগজ বা ভাড়ার চুক্তিপত্র জমা দিতে হয়।
স্টেপ ৩: PNG সংযোগে একটি গুরুত্বপূর্ণ খরচ হল সিকিউরিটি ডিপোজিট। Indraprastha Gas Limited-এর তথ্য অনুযায়ী, গৃহস্থালি PNG সংযোগের জন্য প্রায় ৫ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে ফেরত যোগ্য ডিপোজিট লাগে।
নতুন সংযোগের জন্য প্রায় ৭ হাজার টাকা নেয়। যার মধ্ঠযে ১৫ মিটার পর্যন্ত পাইপলাইন অন্তর্ভূক্ত থাকে। তবে শহর ও সংস্থা অনুযায়ী খরচের পরিমাণ কিছুটা পরিবর্তিত হতে পারে।
স্টেপ ৪: আবেদন ও পেমেন্টের পর কোম্পানি সাইট ইনস্পেকশন করে দেখে সংযোগ দেওয়া সম্ভব কি না। অনুমোদন পেলে টেকনিশিয়ানরা পাইপলাইন ও গ্যাস মিটার বসান এবং নিরাপত্তা পরীক্ষা শেষে গ্যাস সরবরাহ শুরু হয়। যে সব এলাকায় আগে থেকেই পাইপলাইন রয়েছে, সেখানে সাধারণত ৭–১৫ দিনের মধ্যে সংযোগ চালু হয়ে যায়। নতুন এলাকায় সময় বেশি লাগতে পারে, কারণ সেখানে এখনও নেটওয়ার্ক তৈরি হচ্ছে।
PNG ব্যবহারের সুবিধা
PNG চালু হলে গ্যাসের সরবরাহ থাকে নিয়মিত এবং ব্যবহার অনুযায়ী মাসিক বিল দিতে হয়। LPG-এর মতো বারবার সিলিন্ডার বুক করার দরকার হয় না এবং অনেক ক্ষেত্রে এটি তুলনামূলকভাবে সস্তাও হতে পারে।
Indian Oil Corporation Limited (IOCL) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, PNG সরবরাহ সবসময় নিরবচ্ছিন্ন থাকে এবং নির্দিষ্ট চাপ বজায় রেখে গ্যাস দেওয়া হয়, ফলে স্বাভাবিক অবস্থায় সরবরাহ বন্ধ হওয়ার সম্ভাবনা খুব কম।
তবে এখনও সব জায়গায় PNG পৌঁছায়নি। দিল্লি, মুম্বই এবং গুজরাতের বেশ কিছু শহরে এর বিস্তার বেশি হলেও অনেক টিয়ার-২ শহর ও দক্ষিণ ভারতে এখনও ধীরে ধীরে পাইপলাইন নেটওয়ার্ক তৈরি হচ্ছে।