কলকাতায় ১৫ হাজার টাকা কমল হলমার্ক সোনার দামকেন্দ্রীয় বাজেটের পরের দিনেই রেকর্ড সস্তা হল সোনা। গত ১২ দিনের মধ্যে সর্বনিম্ন দরে নামল গয়না সোনার রেট। হলমার্কযুক্ত সোনার দামও হু হু করে পড়েছে। গত দু'দিনের মধ্যেই ১৫ হাজার টাকা সস্তা হয়ে গিয়েছে সোনা (১০ গ্রাম)। পাশাপাশি রুপোও কেজি প্রতি সস্তা হয়েছে প্রায় ৫৫ হাজার টাকা। মাত্র ২ দিনে রুপোর দামে এ এক রেকর্ড পতন বলেই মানছেন বিশেষজ্ঞদের একাংশ।
কলকাতায় আজ কোন সোনার দাম কত?
২৪ ক্যারেট: শহর কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা। এই সোনা মূলত সোনার বাট, গিনি, কয়েন তৈরিতে ব্যবহার করা হয়। কারণ ২৪ ক্যারেট সোনা দিয়ে গয়না বানানো যায় না। ৩১ জানুয়ারির তুলনায় ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৫ হাজার ৯০০ টাকা।
২২ ক্যারেট: শহর কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৩০০ টাকা। এই সোনায় খাদের পরিমাণ থাকে ৯ শতাংশ। ৩১ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৬২ হাজার ৩০০ টাকা। এই দু'দিনে ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৬ হাজার টাকা।
হলমার্ক সোনার দাম: শহর কলকাতায় ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৫০ টাকা। গত ৩১ জানুয়ারি এই সোনার দাম ছিল ১ লক্ষ ৫৪ হাজার ২৫০ টাকা। গত দু'দিনে সোনার দাম ১৫ হাজার ২০০ টাকা কমেছে। মূলত এই সোনা দিয়েই গয়না তৈরি হয়। ফলে দু'দিনে রেকর্ড পরিমাণে দাম কমায় আপাতত স্বস্তিতে মধ্যবিত্তরা।
এক ভরির একটি গয়না বানাতে খরচ কত হবে?
২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৫০ টাকা। কিন্তু এক ভরি-তে প্রায় ১১.১১ গ্রাম সোনা থাকে। এই পরিমাণ সোনার দাম পড়বে ১ লক্ষ ৫৪ হাজার ৪৮৪ টাকা। এর উপর জুড়বে ৩ শতাংশ GST ও মেকিং চার্জ। তারপরই গয়না সোনার দাম সেট করা যাবে।