
আবারও বিতর্কে জড়াল পাকিস্তান ক্রিকেট। এবার টি-২০ বিশ্বকাপে দলের হতাশাজনক পারফর্ম্যান্সের পর একটি সাড়া ফেলে দেওয়া অভিযোগ প্রকাশ্যে এসেছে। টেলিকম এশিয়া স্পোর্টস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকা এক খেলোয়াড় শ্রীলঙ্কার হোটেলে থাকার সময়ে এক মহিলা কর্মীকে হেনস্থা করেছেন। এর জন্য তাঁকে জরিমানাও করা হয়েছে। তবে সেই খেলোয়াড়ের নাম প্রকাশ্যে আনা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে। পাকিস্তান সুপার এইচ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার ঠিক আগে সেখানকার একটি হোটেলে ছিলেন। টিম হোটেলেরই এক মহিলা হাউসকিপিং কর্মীকে হেনস্থার অভিযোগ উঠেছে পাক ক্রিকেটারের বিরুদ্ধে।
সূত্রের খবর, পাকিস্তান দলের ওই সদস্য মহিলা হাউসকিপিং কর্মীকে উত্যক্ত করার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে ওই মহিলা চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে হোটেলের অন্য কর্মীরা ছুটে আসেন। পরে গোটা বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমাকে জানানো হয়।
হোটেলের ঊর্ধ্বতন কর্তারা ওই খেলোয়াড়ের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে পরে বিষয়টি অভ্যন্তরীণ ভাবে মিটিয়ে ফেলা হয়। পাকিস্তান দলের পক্ষ থেকে ম্যানেজার নাভিদ চিমা হোটেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান এবং সংশ্লিষ্ট খেলোয়াড়কে জরিমানা করা হয়।