ভারত বনাম নেদারল্যান্ডসটি২০ বিশ্বকাপে ৩টি ম্যাচ খেলেছে ভারত। সব ম্যাচেই এসেছে জয়। আর শেষ ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করেছে মেন ইন ব্লু। ৬১ রানের বড় জয় এসেছে। এরপরের ম্যাচ রয়েছে ১৮ ফেব্রুয়ারি। সেটি হবে নেদারল্যান্ডসের সঙ্গে।
বিশেষজ্ঞরা মনে করছেন, পরের ম্যাচটি ভারতের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কারণ, ইতিমধ্যেই সুপার ৮-এ পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তাই পয়েন্ট টেবিল নিয়ে চিন্তার কিছুই নেই। কিন্তু সুপার ৮-এ তাঁদের সামনে আসতে পারে বড় কোনও দল। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার মতো টিমের বিরুদ্ধে খেলতে হতে পারে। তখনই আসল চ্যালেঞ্জের মুখোমুখি হবে দল।
আর এমন পরিস্থিতিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচটি দারুণ সুযোগ হতে পারে ভারতীয় দলের জন্য। এই ম্যাচটির তেমন একটা গুরুত্ব নেই বললেই চলে। তাই চাইলেই অধিনায়ক সূর্যকুমার যাদব একাধিক বদল করতে পারেন দলে।
কারা বিশ্রাম পেতে পারেন?
এই ম্যাচে জসপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ডেয়া বিশ্রাম পেতে পারেন।
আসলে আমেরিকার বিরুদ্ধে ম্যাচে বুমরা খেলতে পারেননি। তাঁর জ্বর এসেছিল। তবে হার্দিক পরপর ৩টি ম্যাচই খেলেছেন। তাই এই দুই প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁদের বড় ম্যাচের জন্য প্রস্তুত রাখার প্ল্যান রয়েছে।
বুমরার জায়গায় টিমে জায়গা পেতে পারেন মহম্মদ সিরাজ। কারণ, গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ব্যাটারদের স্বর্গ। তাই এখানে সিরাজ সহ অন্য়ান্য বোলারদের আরও একবার চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ওদিকে হার্দিকের জায়গায় শিবম দুবে নতুন বলে শুরু করতে পারেন। তিনি ২০২৫ সালের এশিয়া কাপেও এই কাজটা করেছেন ভারতের হয়ে। এই ম্যাচে দুবেকে দিয়ে ৫ ওভার করানো হতে পারে।
এছাড়া হার্দিক না থাকায় ব্যাটিংয়ে আরও একটু বেশি সময় পেতে পারেন রিঙ্কু সিং এবং অক্ষর প্যাটেল। আবার এই টিমে জায়গা পেতে পারেন ওয়াশিংটন সুন্দর। তিনি বরুণ চক্রবর্তীর জায়গায় খেলতে পারেন।
পাকিস্তানের অবস্থা খারাপ
ভারতের সঙ্গে বিরাট রানে হেরেছে পাকিস্তান। যার ফলে এটিকে আর ঠিক 'রাইভেলারি' বলা যায় না। একতরফা ম্যাচই বলা যায়।
আর এই ম্যাচে হারের পরও যাতা অবস্থা পাকিস্তানের। বড় বড় সব প্রাক্তন খেলোয়াড়রা বাবর, শাহিনদের দিকে আঙুল তুলছেন। এমনকী বোর্ডকেও ছেড়ে কথা বলছেন না কেউ। এখন দেখার এই খারাপ সময় পেরিয়ে কবে ভারতের সামনে দাঁড়েতে শেখে পাকিস্তান।