২০১১ সালে ডিভোর্স হয় ধাওয়ান-আয়েশারপ্রাক্তন স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় বিরাট জয় পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। দিল্লির পাতিয়ালা হাউস ফ্যামিলি কোর্টের নির্দেশ, প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়কে ৫.৭ কোটি টাকা ফেরত দিতে হবে। মামলা দায়েরের দিন থেকে ওই টাকার উপর বার্ষিক ৯ শতাংশ সুদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
অস্ট্রেলিয়ার রায় 'অবৈধ'
বিচারক দেবেন্দ্র কুমার গর্গ রায়ে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার আদালত যে সম্পত্তি বিভাজন সংক্রান্ত নির্দেশ দিয়েছিল, তা ভারতের আইনের দৃষ্টিতে বৈধ নয়। কারণ, ধাওয়ান-মুখোপাধ্য়ায়ের বিয়ে ভারতে সম্পন্ন ও নথিভুক্ত হয়েছিল। ফলে অস্ট্রেলিয়ার আদালতের এই মামলা বিচার করার কোনও এক্তিয়ারই নেই।
আদালত আরও স্পষ্ট করে জানায়, ধাওয়ান অস্ট্রেলিয়ার আদালতের কোনও নির্দেশ মানতে বাধ্য নন। সম্পত্তি সংক্রান্ত যে সব নথিতে সই করা হয়েছিল, সেগুলিকে হুমকি, ভয় দেখানো ও প্রতারণার মাধ্যমে আদায় করা হয়েছে বলে দাবি মেনে নিয়ে আদালত সেগুলিকে বাতিল ঘোষণা করেছে।
ধাওয়ানের অভিযোগ
আদালতে ধাওয়ান দাবি করেছিলেন, ২০১২ সালে বিয়ের পর থেকেই তাঁর কেরিয়ার ও সম্মান নষ্ট করার হুমকি দেওয়া হয়। অভিযোগ, আর্থিক দাবি না মানলে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করা হবে বলেও ভয় দেখানো হয়েছিল।
তিনি আরও জানান, নিজের টাকায় কেনা একাধিক সম্পত্তি যৌথ নামে বা অধিকাংশ অংশ প্রাক্তন স্ত্রীর নামে নথিভুক্ত করতে বাধ্য করা হয়েছিল তাঁকে।
অস্ট্রেলিয়ার আদালতের সিদ্ধান্ত
অস্ট্রেলিয়ার আদালত ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে একাধিক নির্দেশে ধাওয়ানের মোট সম্পত্তির ১৫ শতাংশ দেওয়া হয় আয়েশাকে। তিনি ৭.৪৬ কোটি টাকার সম্পত্তি নিজের কাছে রাখেন এবং অতিরিক্ত ১৫.৯৫ কোটি টাকা ও একটি সম্পত্তি পান।
তবে দিল্লি আদালত জানায়, অস্ট্রেলিয়ার Family Law Act, 1975 ভারতের হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা অন্যান্য প্রযোজ্য আইনের ঊর্ধ্বে নয়। ভারতীয় জননীতির সঙ্গেও তা অসঙ্গত। উল্লেখ্য, একাধিক সমন পাঠানো সত্ত্বেও আয়েশা আদালতে হাজির হননি। ফলে মামলাটি একতরফা রায়ে নিষ্পত্তি হয়।
বিবাহবিচ্ছেদ ও সন্তানের হেফাজত
২০২৩ সালে দিল্লির একটি আদালত ধাওয়ানের বিবাহবিচ্ছেদ মঞ্জুর করে। রায়ে বলা হয়, দীর্ঘদিন ছেলের থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তিনি মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। যদিও স্থায়ী হেফাজত পাননি, তবে দেখা করার অধিকার ও ভিডিও কলে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।
তাঁদের বিয়ে হয়েছিল ২০১২ সালে। ২০১৩ সালে এক পুত্র সন্তানের জন্ম দেন আয়েশা। এরই মধ্যে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি ব্যক্তিগত অনুষ্ঠানে দ্বিতীয়বার বিয়ে করেন ধাওয়ান। তাঁর বর্তমান স্ত্রীর নাম শোফিয়া।