ফের ভারত-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্পKolkata Earthquake Today: কলকাতায় ভূমিকম্প। মঙ্গলবার রাত প্রায় ৯টা বেজে ৫ মিনিট নাগাদ মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয় শহর জুড়ে। বিশেষ করে বহুতল আবাসনের বাসিন্দারা জানান, আচমকাই ভবন কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ ও মধ্য কলকাতার পাশাপাশি উত্তর কলকাতার বিভিন্ন অংশেও কম্পন টের পাওয়া যায়। একই সময়ে বাংলাদেশেও একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর মিলেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এই কম্পনের প্রভাব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার কিছু অংশে অনুভূত হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যার এই কম্পনে কলকাতা বা আশপাশের এলাকায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মধ্য কলকাতার ই-মলে কেনাকাটা করতে থাকা ভদ্রেশ্বরের বাসিন্দা স্বপন ঘোষ জানান, হঠাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় চারপাশ নড়তে শুরু করে, আতঙ্কে অনেকেই মলের বাইরে বেরিয়ে যান।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতেও একাধিকবার কেঁপে উঠেছে কলকাতা ও রাজ্যের বিভিন্ন অংশ। সোমবার ভোররাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪.৬ মাত্রার ভূমিকম্প হয়। তার আগে গত বছরের জানুয়ারি ও নভেম্বরেও কলকাতা-সহ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে কম্পন অনুভূত হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে নেপালের গোকর্ণেশ্বরের কাছে ৭.১ মাত্রার ভূমিকম্পের প্রভাব বিহার, বাংলাদেশ, চিন ও ভুটান পর্যন্ত ছড়িয়ে পড়ে। ধারাবাহিক এই ভূমিকম্প শহরবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।