

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে কোনও একটি বিমানবাহিনীকে আকাশে তেরঙ্গা রঙের ধোঁয়ার নিশানা তৈরি করতে দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে একে ভারতীয় বায়ুসেনার অ্যারোব্যাটিক ম্যানুভারের দৃশ্য বলে দাবি করা হয়েছে।
ভাইরাল ভিডিওটি কোনও সমুদ্রপৃষ্ঠের কাছে। যেখানে সৈকত এলাকায় দর্শকের দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করতে দেখা যাচ্ছে সেই সঙ্গে বিমানবাহিনী আকাশ তেরঙ্গা রঙের ধোঁয়া দিয়ে ঢেকে দিচ্ছে। ভিডিওটি পোস্ট করে এর ওপর লেখা হয়েছে, “দেখে নে পাকিস্তান বাংলাদেশ এগুলো হচ্ছে ভারতের ক্যালি।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে ভারতীয় বায়ুসেনার কোনও সম্পর্ক নেই। এটি ইতালির বায়ুসেনার ভিডিও যা ২০২৫ সালের ইতালির জেসোলো এয়ার শোতে পরিবেশিত হয়েছিল।
সত্য উদঘাটন
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে একই ভিডিও খুঁজে পাওয়া যায় ইনফোগেইন হাব নামের ইউটিউব চ্যানেলে যা ২০২৫ সালের ১ জুলাই আপলোড করা হয়েছিল। ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লেখা হয়, “জেসোলো এয়ারশো ২০২৫-এ ফ্রেচে ট্রাইকোলোরির দর্শনীয় আকাশ প্রদর্শনী।”
ভিডিওটির বর্ণনা অনুসারে, এখানে ইতালির বিখ্যাত অ্যারোবেটিক প্রদর্শনী দল ফ্রেচে ট্রাইকোলোরিকে দেখানো হয়েছে, যারা ২০২৫ সালের ২৮ জুন জেসোলো এয়ারশোতে পারফর্ম করছে। তাদের ঐতিহ্যের অংশ হিসেবে এই দলটি সবুজ, সাদা এবং লাল ধোঁয়া ব্যবহার করে আকাশে ইতালির জাতীয় পতাকা আকাশে এঁকেছিল।
জেসোলো এয়ারশো ২০২৫ সম্পর্কে আরও অনুসন্ধান করার পর স্টেফাভাল নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা একই প্রদর্শনীর একটি বর্ধিত অংশ পাওয়া যায়। ভাইরাল ক্লিপটি এই দীর্ঘ ভিডিওর ১৫ মিনিট ৪০ সেকেন্ড নাগাদ দেখতে পাওয়া যাবে।
জেসোলো এয়ার শো-র ওয়েবসাইট এবং ইউরোপের এয়ার শো পোর্টালের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই আয়োজনের ২৭তম সংস্করণটি ২৮ এবং ২৯ জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। এখানে দু’দিনে চার লক্ষের বেশি দর্শক অংশগ্রহণ করেন। তিন ঘণ্টাব্যাপী এই প্রদর্শনীতে একাধিক অ্যারোবেটিক দল অংশ নেয় এবং সমুদ্রসৈকতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। ভাইরাল ক্লিপটিতে সবুজ, সাদা এবং লাল রঙের ধোঁয়া দ্বারা ইতালির পতাকার রং আঁকা হয়েছে। ভারতীয় তেরঙ্গা নয়, যা গেরুয়া, সাদা এবং সবুজ রঙের।
সেই সঙ্গে ভাইরাল ভিডিওতে উপরে সবুজ, মাঝে সাদা ও নিচে লাল রঙের ধোঁয়া দেখা গেছে। কিন্তু ভারতীয় পতাকায় উপরে গেরুয়া ও নিচে সবুজ রং রয়েছে। কোনও দেশের বায়ুসেনা যে নিজেদের জাতীয় পতাকার রং বিকৃত করবে না, তা বলাই বাহুল্য।
সুতরাং, সবমিলিয়ে বলাই যায় যে ইতালির বায়ুসেনার একটি ভিডিওকে ভুলভাবে ভারতীয় বায়ুসেনার কীর্তি বলে বর্ণনা করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

ভিডিওতে ভারতীয় বায়ুসেনা অ্যারোবেটিক প্রদর্শনীর মাধ্যমে ভারতের জাতীয় পতাকা তিরঙ্গার রঙে ধোঁয়া দিয়ে আকাশ ঢেকে দিচ্ছে।
ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের জুন মাসে ইতালিতে রেকর্ড করা হয়। এখানে ইতালির বায়ুসেনা সেই দেশের জাতীয় পতাকার রং (সবুজ, সাদা ও লাল) আকাশে এঁকেছিল।