বায়ুদূষণ নিয়ে যে এবার সিরিয়াসলি ভাবার সময় এসেছে, তাও স্পষ্ট আন্তর্জাতিক এক রিপোর্টে।বায়ুদূষণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। যাঁরা শহর ও মফস্বল এলাকায় থাকেন, তাঁরা বিষয়টি ভালোই টের পান। বায়ুদূষণ নিয়ে যে এবার সিরিয়াসলি ভাবার সময় এসেছে, তাও স্পষ্ট আন্তর্জাতিক এক রিপোর্টে। সুইস সংস্থা IQAir-এর প্রকাশিত ‘World Air Quality Report 2025’-এ দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বেশ কয়েকটি ভারতের। আরও আশ্চর্যের বিষয়টি হল, সেই তালিকায় শীর্ষে রয়েছে ভারতেরই একটি শহর।
রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের উপকণ্ঠে অবস্থিত লোনি শহর ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের স্থান পেয়েছে। সেখানকার বায়ুতে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World Health Organization) নির্ধারিত সীমার তুলনায় ২২ গুণেরও বেশি।
বিজ্ঞানীরা বলছেন, সেখানকার বায়ুতে ভাসমান কণার সংখ্যা আঁতকে ওঠার মতো। এই ভাসমান কনাগুলি এতটাই ক্ষুদ্র যে সহজেই মানুষের ফুসফুস ও রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। দীর্ঘদিন ধরে এই দূষণের সংস্পর্শে থাকলে অ্যাজমা, হৃদরোগ এমনকি ক্যানসারের ঝুঁকিও থাকে।
লোনি জাতীয় রাজধানী অঞ্চল (NCR)-এর অন্তর্গত। এই অঞ্চলে দূষণ এমনিতেই বেশি। কেন? এর মূল কারণ চারপাশে শিল্পাঞ্চল, ইটভাটা এবং ভারী যানবাহনের চাপ। পাশাপাশি এই অঞ্চলে শীতকালে ঠান্ডা স্থির বাতাস থাকে। এর ফলে দূষণ মাটির কাছেই এক প্রকার জমে রাখে। তার উপর পঞ্জাব ও হরিয়ানায় খড় পোড়ানো হয়। তার ফলে অক্টোবর থেকে জানুয়ারি মাসে দূষণের মাত্রা আরও বেড়ে যায়।
তবে শুধু লোনি নয়, সামগ্রিকভাবে ভারতের ছবিও খুব আশাব্যঞ্জক নয়। মেঘালয়ের বায়র্নিহাট শহর বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। আর New Delhi রয়েছে চতুর্থ স্থানে। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহরের তালিকাতেও শীর্ষে রয়েছে দিল্লি।
দেশ হিসেবে দূষণের নিরিখে ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। WHO-র নির্ধারিত সীমার প্রায় ১০ গুণ বেশি দূষণ এখানে রেকর্ড করা হয়েছে। যদিও দিল্লিতে দূষণের মাত্রা ২০২৪ সালের তুলনায় ৩ শতাংশ কমেছে, বিশেষজ্ঞদের মতে এই হ্রাস পরিসংখ্যানগতভাবে তেমন গুরুত্বপূর্ণ নয়।
উল্লেখযোগ্যভাবে, বিশ্বের সবচেয়ে দূষিত চারটি শহরের মধ্যে তিনটিই ভারতের। এছাড়া সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ২৫টি শহরের তালিকায় ভারত, পাকিস্তান এবং চিন; এই তিন দেশের শহরই রয়েছে।
সামগ্রিকভাবে বিশ্বজুড়ে পরিস্থিতিও খুব একটা ভালো নয়। ২০২৫ সালে মাত্র ১৪ শতাংশ শহর WHO-র নির্ধারিত মান পূরণ করতে পেরেছে। পাকিস্তান বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
সব মিলিয়ে, এই রিপোর্টে একটি বিষয় স্পষ্ট। বিশুদ্ধ বায়ু এখন বিশ্বের বহু মানুষের কাছে বিলাসিতা। তাই শিল্পাঞ্চল থেকে দূরে, কোনও গ্রামে বাড়ি হলে, সেটা এনজয় করুন। কারণ এই সুখও অনেকের কাছে স্বপ্নের মতো!