
দেশের জাতীয় সড়কে টোল আদায় ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে কেন্দ্রীয় সরকার। সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে সমস্ত জাতীয় সড়ক টোল প্লাজায় নগদ লেনদেন পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করছে। ওই তারিখের পর টোল ফি কেবলমাত্র ডিজিটাল মাধ্যমে, ফাস্টট্যাগ বা ইউপিআইয়ের সাহায্যে মেটাতে যাবে।
সরকারি সূত্রের দাবি, সম্পূর্ণ ডিজিটাল টোলিং ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ। ইতিমধ্যেই দেশে ইলেকট্রনিক টোল কালেকশনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে ৯৮ শতাংশেরও বেশি গাড়িতে ফাস্টট্যাগ চালু রয়েছে এবং অধিকাংশ লেনদেনই আরএফআইডি-সক্ষম ফাস্টট্যাগের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। পাশাপাশি, টোল প্লাজাগুলিতে ইউপিআই পেমেন্টের সুবিধাও চালু হয়েছে, যাতে দ্রুত ও ঝামেলাহীনভাবে টোল মেটানো যায়।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও গাড়িতে বৈধ ফাস্টট্যাগ না থাকলে এবং নগদে টোল পরিশোধ করলে নির্ধারিত হারের দ্বিগুণ টাকা নেওয়া হয়। ইউপিআইয়ের মাধ্যমে টোল দিলে প্রযোজ্য হারের ১.২৫ গুণ অর্থ ধার্য হয়। এর মাধ্যমে নগদের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর চেষ্টা আরও জোরদার হয়েছে।
টোল প্লাজা স্তরের মূল্যায়নে দেখা গিয়েছে, নগদ লেনদেনের কারণে প্রায়শই যানজট, দীর্ঘ অপেক্ষা এবং বিবাদের পরিস্থিতি তৈরি হয়। মন্ত্রকের মতে, সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হলে দেশের ১,১৫০টিরও বেশি টোল প্লাজায় যান চলাচল আরও দ্রুত হবে, সময় বাঁচবে এবং স্বচ্ছতা বাড়বে। প্রযুক্তিনির্ভর, দক্ষ ও নিরবচ্ছিন্ন জাতীয় সড়ক পরিষেবা গড়ে তোলার বৃহত্তর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।