বিজয় মালিয়াইংল্যান্ড ছাড়তে পারবেন না বলে জানিয়ে দিলেন পলাতক শিল্পপতি বিজয় মালিয়া। এমনকী তিনি দেশে কবে ফিরতে পারবেন, তাও নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয় বলে বম্বে হাইকোর্টে জানালেন মালিয়া। বুধবার বম্বে হাই কোর্টের একটি মামলায় আইনজীবী মারফত এই তথ্য জানিয়েছেন পলাতক শিল্পপতি।
তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর ইংল্যান্ড এবং ওয়েল্স ছেড়ে বেরোনোর অনুমতি নেই। তাই কবে ভারতে ফিরতে পারবেন, তা-ও বলা সম্ভব নয়। এমনকি কোনও আন্তর্জাতিক ভ্রমণ নথি জন্য আবেদন করতেও বা তা নিজের কাছে রাখতেও তিনি পারেন না, বলে দাবি করেছেন বিজয় মালিয়া।
প্রকৃতপক্ষে, বিজয় মালিয়ার বিরুদ্ধে পলাতক অর্থনৈতিক অপরাধী আইন-এর আওতায় মামলা চলছে। ওই মামলার বৈধতাকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শিল্পপতি। হাই কোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম অঙ্খড়ের বেঞ্চে মামলাটি চলেছে। আদালত জানিয়েছিল, মালিয়া যদি চান যে তাঁর আবেদনটি বিবেচনা করে দেখা হোক, তবে তাঁকে দেশে ফিরে আসতে হবে।
আদালতের সেই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন নিজের বক্তব্য আইনজীবী মারফত পেশ করেছেন মালিয়া। শিল্পপতির আইনজীবী মালিয়ার লেখা শিল্পপতির একটি লিখিত বক্তব্য তিনি এজলাসে পাঠ করেন। সেই চিঠিতে মালিয়া দাবি করেছেন, ২০১৬ সালে তাঁর ভারতীয় পাসপোর্ট বাতিল করে দেয় সরকার। ফলে তাঁর কাছে এখন কোনও ভারতীয় পাসপোর্ট নেই। তা ছাড়া ব্রিটিশ আদালতও তাঁর দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
তবে মালিয়ার এই বিবৃতির পর আদালত নির্দেশ দিয়েছে, শুধু বিবৃতি নয়, হলফনামা দাখিল করতে হবে। বিচারকদের বেঞ্চ এক্ষেত্রে মন্তব্য করেছে “আদালত আগেই যথেষ্ট সময় দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তিনি হলফনামা দাখিল করেননি, শুধু বিবৃতি দিয়েছেন।”
কেন্দ্র সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, "মালিয়া যদি ভারতে ফিরতে চান, তাহলে তাঁকে ভ্রমণ নথি দেওয়া যেতে পারে। যদি কেউ দেশ ছেড়ে পালায়, তাহলে আইন তার নিজের পথেই চলবে।" উভয় পক্ষের বক্তব্য শোনার পর অবশেষে আদালত মালিয়াকে ১১ মার্চের মধ্যে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে।