স্ত্রী-কে খুন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত, সেই সন্দেহে নববধূকে খুন করল স্বামী। মৃতার নাম মেহক (৩১)। অভিযুক্ত অংশুলকে গ্রেফতার করেছে পুলিশ। হরিয়ানার ঝাজ্জর জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, অংশুল প্রথমে জানিয়েছিল, মেহককে খুন করেছে ডাকাতদের একটি দল। যদিও তদন্তে নেমে পুলিশ সত্যিটা জানতে পারে। জেরার মুখে নিজের অপরাধ কবুল করে নেয় অংশুল।
মাস চারেক আগে পেশায় চাটার্ড অ্যাকাউন্টটেন্ট অংশুল বিয়ে করে মেহককে। দেখাশোনা করেই বিয়ে হয়েছিল তাঁদের। ২ মাসের গর্ভবতী ছিলেন ওই মহিলা।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মেহককে তাঁর বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল অংশুল। বদলির কাছে গাড়ি থামিয়ে অংশুল স্ত্রীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করে। মৃত্যু নিশ্চিত করতে কাঁচি দিয়ে গলা কাটে। তারপর পুলিশকে নিজেই খবর দেয়।
১১২ এই হেল্প লাইন নম্বরে পুলিকে ফোন করেছিল অংশুল। গোটা ঘটনাকে ডাকাতি প্রমাণ করার জন্য সে দাবি করে, পথে ডাকাতদল তাদের গাড়ি থামিয়ে লুটপাট চালায় ও মেহককে খুন করে। খালের ধারে দেহ ফেলে পালিয়ে যায়। পুলিশ প্রাথমিকভাবে সেই কথা বিশ্বাস করে এবং দেহ উদ্ধার করে।
তবে দেহ উদ্ধারের পর পুলিশের সন্দেহ হয়। তাদের তরফে ফের জিজ্ঞাসাবাদ করা হয়। তখন অংশুলের কথার অসঙ্গতি খুঁজে পান তদন্তকারীরা। পুলিশের প্রশ্ন শুনে ভেঙে পড়ে অংশুল। সে খুনের কথা স্বীকার করে নেয়।
পুলিশ জানিয়েছে, মেহককে পূর্ব পরিকল্পিতভাবেই খুন করেছে অংশুল। কারণ সে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করত। মনে করত, অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে মেহকের। সেজন্য সেদিন সঙ্গে করে কাঁচি নিয়ে গিয়েছিল। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে শ্বাসরোধ করে খুন করে মেহককে। তারপর কাঁচি চালিয়ে গলা কাটে।
ঘটনায় ইতিমধ্যেই মেহকের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে কোর্টে পেশ করা হয়েছিল।