দুই জনকে খুন দিল্লির লোনির ট্রোনিকা সিটি এলাকায় জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য। রশিদ নামে এক ব্যক্তি তার স্ত্রী শবনম (৩৬) এবং ঘনিষ্ঠ বন্ধু তথা প্রতিবেশী ফাহিম (৩২)-কে গুলি করে খুন করে বলে অভিযোগ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান,বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে এই খুনের ঘটনা। তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি ট্রোনিকা সিটি থানার অন্তর্গত রামপার্ক এলাকার বুদ্ধ বাজার মহল্লার। পুলিশ জানিয়েছে, রশিদ তার স্ত্রীকে সন্দেহ করত। সে মনে করত শবনমের সঙ্গে ফাহিমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সন্দেহ থেকেই সে দুজনকেই খুন করে।
সোমবার রাত। ফাহিম রশিদের বাড়িতেই ছিল। তিনজন একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেন। গল্প-আড্ডা চলছিল। কিন্তু খাওয়া-দাওয়া শেষে তর্কাতর্কি শুরু হয়। আর তাই ভয়ঙ্কর চেহারা নেয়। রাগে-ক্ষোভে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রশিদ। এরপরই সে ঘর থেকে পিস্তল এনে স্ত্রী ও বন্ধুর ওপর নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শবনম ও ফাহিম। গুলির শব্দে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে ততক্ষণে সব শেষ। অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রাত প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ পুলিশে খবর যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় দুই দেহ পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ শুরু করেছে তদন্তকারী দল।
ওই দম্পতির সাতটি সন্তান রয়েছে। ফলে ওই সাতটি শিশুর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় স্তম্ভিত ও আতঙ্কিত।
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি বিবাহ বহির্ভূত সম্পর্কজনিত সন্দেহের জেরে ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত রশিদকে গ্রেফতারের জন্য তিনটি বিশেষ দল গঠন করা হয়েছে।
ডিসিপি (গ্রামীণ) সুরেন্দ্র নাথ তিওয়ারি জানিয়েছেন, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ঘটনাটি কীভাবে ঘটল এবং এর পেছনে আর কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।