আরিয়ান, রিখিয়া (ছবি: ইনস্টাগ্রাম) টলিপাড়ায় যেমন সম্পর্ক ভাঙছে, তেমন একের পর এক নতুন সম্পর্ক গড়ে ওঠার গুঞ্জন শোনা যাচ্ছে। এরকমই আরও দুই টেলি তারকাকে নিয়ে এই মুহূর্তে শোনা যাচ্ছে নতুন খবর। স্টুডিয়ো পাড়ায় ফিসফাস শোনা যাচ্ছে বসন্তের আগেই, জীবনের প্রেমের রং লেগেছে তাঁদের। কথা হচ্ছে আরিয়ান ভৌমিক ও রিখিয়া রায় চৌধুরীকে নিয়ে। ঠিক পড়ছেন! 'ভিডিও বৌমা'-র আকাশ ও মাটির ডেটিং গসিপ এখন আলোচনায়।
ধারাবাহিকের পর্দায় অভিনয় করতে করতে প্রেম হয় বহু নায়ক- নায়িকার। পর্দার জুটি, বাস্তবেও সম্পর্কে জড়ানোর উদাহরণ অতীতে অনেক রয়েছে। সান বাংলার 'ভিডিও বৌমা'-তে একসঙ্গে কাজ করতেন তাঁরা। মেগাতে তাঁদের রসায়ন ছিল জমজমাট। তবে, স্টুডিওপাড়ার চর্চা, ব্যক্তিগত জীবনে এখন দুই অভিনেতার মন দেওয়া-নেওয়া চলছে। যদিও আরিয়ান বা রিখিয়া, দু'জনের কেউই প্রেমে সিলমোহর দেননি।
ফিল্মি পার্টি, ছবির প্রিমিয়ার হোক কিংবা কোনও উৎসব একসঙ্গে দেখা যায় টলিপাড়ার চর্চিত এই নতুন 'লাভ বার্ডসকে'। জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত আরিয়ানের ছবি 'বিজয়নগরের হীরে'-র প্রিমিয়ারেও একসঙ্গেই হাজির হয়েছিলেন তাঁরা। এবছরের শিবরাত্রি একসঙ্গেই উদযাপন করেছেন। একে অপরের কপালে তিলক এঁকে দিয়েছেন যত্ন করে। দু'জনের সোশ্যাল পেজ ভরেছে একসঙ্গে কাটানো নানা লেন্সবন্দি মুহূর্তে।
প্রসঙ্গত, ছোট পর্দায় পা রাখার আগে মডেলিং ও বিজ্ঞাপনের কাজ করেছেন রিখিয়া। অল্প সময়ের মধ্যেই মেগার দর্শকদের মনের কাছে পৌঁছেছেন নবাগতা অভিনেত্রী। অন্যদিকে, ছোটপর্দা, বড়পর্দা থেকে ওটিটি-র পরিচিত মুখ আরিয়ান। এর আগেও একাধিক সম্পর্কে ছিলেন পর্দার সন্তু। টেলি অভিনেত্রী নন্দিনী দত্তর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আরিয়ান। তবে ভেঙে যায় তাঁদের প্রেম।