
অনন্যা গুহ, সুকান্ত কুণ্ডু (ছবি: ফেসবুক)২০২৬-এ টলিপাড়ায় পরপর বিয়ের সানাই বাজতে চলেছে। বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেছেন মধুমিতা সরকার। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্যা গুহ। ২০২৫-র ফেব্রুয়ারি মাসে সুকান্ত কুণ্ডুর সঙ্গে বাগদান সারেন টেলি অভিনেত্রী। এরপর জানা যায় সামাজিক বিয়ে করতে চলেছেন তাঁরা। এই খবর সামনে আসার পর থেকে নেটিজেন থেকে শুরু করে জুটির অনুগামীদের মনে প্রশ্ন ছিল, কবে বিয়ে করছেন তাঁরা? এই নিয়ে শুরু থেকেই ছিল নানা জল্পনা। অবশেষে সামনে আসে দিনক্ষণ। অনন্যার বিয়ের সাজ থেকে মেনু কেমন হবে? খোঁজ নিল বাংলা ডট আজতক ডট ইন।
আগামী ৯ মার্চ গাঁটছড়া বাঁধতে চলেছেন নেটদুনিয়ার জনপ্রিয় জুটি অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। অনন্যা, নদীয়ার কল্যাণীর মেয়ে। অন্যদিকে সুকান্তর বাড়ি মালদাতে। নিজেদের আদি বাড়িতেই বিয়ে ও রিসেপশনের আয়োজন করছেন তাঁরা। তবে বিয়ের পরে দু'জনে সংসার পাতবেন সুকান্তর এই শহরের ফ্ল্যাটে।

অনন্যা জানালেন, "বিয়েতে আমরা দু'জনেরই একেবারে ট্রাডিশনাল লুক থাকবে। আমি একদম সাবেকি লাল বেনারসিতে সাজবো আর সুকান্ত ধুতি- পাঞ্জাবি পরবে। বিয়ের কেনাকাটা মোটামুটি সবই হয়ে গেছে। শুধুমাত্র টেলরের কিছু ফাইনাল ফিটিংস দেখে আনা বাকি। এবার প্যাকিং শুরু করার সময় চলে এসেছে, সবটা করে ফেলতে হবে।"
বিয়ের মেনুতেও বাঙালিয়ানার ছোঁয়া থাকছে। অনন্যা জানালেন, "মেনুতে একেবারে বাঙালি খাবার থাকছে। পোলাও, মাংস, ফিস ফ্রাই, চাটনি, পাপড় এরকমই অনেক কিছু থাকবে। এছাড়া আমি বুফেতে দাঁড়িয়ে খেতে পারি না। তাই সবার জন্যে বসে খাবার খাওয়ার আয়োজন করেছি। যাতে সকলে শান্তিতে বসে খেতে পারে।"
এই মুহূর্তে দুটি মেগাতে কাজ করছেন অনন্যা। 'রাঙামতি তীরন্দাজ' ও 'সোহাগে আদরে' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ছোটপর্দায় বেশি এপিসোড ব্যাঙ্কিং করা থাকে না। ফলে বিয়ে উপলক্ষে মাত্র ১০ দিনের ছুটি মঞ্জুর করাতে পেরেছেন অনন্যা। এই মুহূর্তে মধুচন্দ্রিমার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। অভিনেত্রীর কথায়, "হানিমুনের জন্য এখনও ছুটি পাইনি। বিয়ের জন্য ১০ দিনের ছুটি পেয়েছি আপাতত।"

বিয়ের আগে ত্বকের বিশেষ যত্ন নিচ্ছেন হবু কনে। অনন্যা জানালেন, "আমি এমনীতেই স্কিনকেয়ার করতে পছন্দ করি। বিয়ের আগে আরও বেশি করে করা হচ্ছে।" শ্যুটিংয়ের ব্যস্ততা, ভ্লগিং এবং সেই সঙ্গে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন অভিনেত্রী। যার ফলে হবু বরের জন্য এখনও বিশেষ উপহার কেনা হয়নি তাঁর। তবে শীঘ্রই কিনবেন বলে জানালেন।
প্রসঙ্গত, ২০২৫-র ফেব্রুয়ারি মাসে দু'জনের আশীর্বাদের আয়োজন করা হয়েছিল সুকান্তর ফ্ল্যাটে। সাবেকি সাজে সেজেছিলেন জুটি। বিকালে বাইপাসের ধারের এক ভেন্যুতে আংটি বদল হয়। সেসময় দু'জনের পোশাকে ছিল পাশ্চাত্যের ছাপ। এদিনের একটি লিপলক ভিডিও তাঁরা শেয়ার করতেই নেটমাধ্যমে বেশ হৈচৈ পড়েছিল।

এই মুহূর্তে ডিজিটাল মাধ্যমের জনপ্রিয় মুখ দু'জনেই। অনুগামীর সংখ্যা বিপুল। অনুগামীদের মনে কৌতূহল ছিল এবং সোশ্যাল মিডিয়াতেও বারবার ধেয়ে আসত প্রশ্নবাণ- প্রেম করছেন অনন্যা- সুকান্ত? দু'জনের ছবি, পোস্ট দেখে এই আন্দাজ করছিলেন সকলেই। অবশেষে একটি ব্লগে সেই উত্তর দেন তাঁরা। জানান, 'জাস্ট ফ্রেন্ডস'-র হিসাবে তাঁদের সম্পর্ক আর সীমাবদ্ধ নেই। অনন্যার হবু বর অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও, বিনোদন জগতের সঙ্গে যুক্ত। আগে পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। এখন, সুকান্ত একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর।