
টেলিপর্দায় ফিরছেন এই অভিনেত্রীটেলি দুনিয়ার চেনা মুখ নবনীতা দাস। একটা সময়ে তিনি মেগা সিরিয়ালের প্রধান মুখ ছিলেন। কিন্তু জিতু কমলের সঙ্গে ডিভোর্সের পর সেভাবে তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি। নবনীতাকে শেষবারের মতো দেখা গিয়েছিল 'তুমি আশেপাশে থাকলে' ধারাবাহিকে। এরপর দীর্ঘ বিরতিতে ছিলেন নায়িকা। কিন্তু শোনা যাচ্ছে, এবার কামব্যাক করছেন নবনীতা। সিরিয়াল, সিরিজ নাকি বড়পর্দা, কোথায় দেখা যাবে?
ছোটপর্দাতেই ফিরছেন নবনীতা। তবে সেটা সিরিয়াল নয়। ;লাখ টাকার লক্ষ্মীলাভ; শো-তে দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্য়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে স্নেহা চট্টোপাধ্যায় ছাড়াও ছিলেন দিব্যাণী মণ্ডস, সৃজলা গুহ এবং নবনীতা দাস। ওই গেম শো-তে আর পাঁচজনের মতো প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছে নবনীতাকেও। আগামী ২৫ মার্চ পর্বটি সম্প্রচারিত হবে। নবনীতার পারফর্ম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

নবনীতাকে নিয়ে মাঝে মধ্যেই চর্চা তুঙ্গে ওঠে। ২০১৯ সালে বিয়ে হয় জিতু এবং নবনীতার। তাঁদের সম্পর্কের শুরু সিরিয়াল থেকেই। রিল লাইফের জুটি বাস্তবেও বিয়ে করায় দর্শকেরা বেশ আনন্দ পায়। তাঁদের মাখো মাখো প্রেমের কথা কে না জানতো। এমনকী বিচ্ছেদের আগে জীতুর ‘অপরাজিত’-এর প্রিমিয়ার থেকে স্পেশাল স্ক্রিনিং দেখা মিলেছিল নবনীতার। কিন্তু ছন্দপতন ঘটে। দূরত্ব বাড়ে জীতু-নবনীতার। নিজেদের বিচ্ছেদের কারণ নিয়ে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই। সম্পর্ক চুকে গেলেও প্রাক্তন স্বামী জীতু কমলের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক বরাবর বজায় রেখেছেন নবনীতা। দিতিপ্রিয়া বিতর্কে পাশে থাকা থেকে জন্মদিনে জীতুকে শুভেচ্ছা জানানো, কোনওটাই বাদ দেননি অভিনেত্রী।
অভিনয় থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় নবনীতা। কখনও গোয়া, কখনও থাইল্যান্ড থেকে নিজের বোল্ড ছবি পোস্ট করে উষ্ণতার পারদ চড়ান তিনি। অভিনয় থেকে দূরে গেলেও অন্য কাজ করছেন অভিনেত্রী। বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে মিলে একটা ব্যবসা শুরু করেছেন তিনি। আপাতত সেই কাজেই মন দিয়েছেন অভিনেত্রী। ভাল কাজের প্রস্তাব পেলে অবশ্যই তিনি তা করবেন।