মাসি হতে চলেছেন ঋতাভরী?বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তীর পরিবারে নাকি খুশির হাওয়া। খুব শীঘ্রই তিনি বোনের পদ থেকে আরও এক ধাপ উঁচুতে উঠতে চলেছেন। শোনা যাচ্ছে, চক্রবর্তী পরিবারে নতুন খুদে সদস্যের আগমন হতে চলেছে খুব শীঘ্রই। ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা নাকি অন্তঃসত্ত্বা। মা হতে চলেছেন তিনি। যদিও ঋতাভরী, শতরূপা সান্যাল কিংবা চিত্রাঙ্গদার পক্ষ থেকে কেউই কিছু জানাননি এই বিষয়ে। বিয়ের পর কলকাতায় আর থাকেন না চিত্রাঙ্গদা।
এক সংবাদসংস্থার পক্ষ থেকে চিত্রাঙ্গদাকে এই নিয়ে জিজ্ঞাসা করলে তিনি এই বিষয়টি এড়িয়ে যান। অপরদিকে, ঋতাভরী ও তাঁর মা শতরূপা সান্যালও এই নিয়ে কিছু বলতে চান না এখনই। ২০২২ সালের শেষে দীর্ঘদিনের বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রাঙ্গদা। আর শতরূপা-কন্যার মা হওয়ার খবর যদি সত্যি হয়, তাহলে তাঁদের বিয়ের ৪ বছর পর নতুন সদস্য আসছে পরিবারে। সম্প্রতি পারিবারিক বিয়ের অ্য়ালবামের ছবি ভাগ করে নিয়েছিলেন চিত্রাঙ্গদা, সেই থেকে গুঞ্জনের সূত্রপাত।
এছাড়াও ঋতাভরীর এক ইভেন্টে নিজের একটি ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা। সেখানে কালো বডি হাগিং পোশাকে দেখা মিলল নায়িকার। স্কার্ফ দিয়ে বেবিবাম্প আড়াল করার চেষ্টা করছেন। ঋতাভরীর মতো তাঁর দিদিও অভিনয়ে পারদর্শী। তবে বাণিজ্যিক ছবির চেয়ে নায়িকার ঝুলিতে রয়েছে অন্য রকমের ছবি। সিনেমা, সিরিজ সবেতেই দক্ষথার সঙ্গে কাজ করেছেন।
চিত্রাঙ্গদা ও সম্বিত দীর্ঘদিনের বন্ধু। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ২০২১ সালেই। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় সেই বিয়ে। ২০২২ সালে অবশেষে তাঁদের বিয়ে হয়। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে। বিয়ের প্রায় চার বছর পরে নতুন অতিথি আসার খবরে সরগরম টলিপাড়া। আপাতত সেই দিনের অপেক্ষায় তাঁদের পরিবার।