
বরের সঙ্গে ছবি পোস্ট স্বীকৃতিরবছর দুই আগে হঠাৎ করেই বিয়েটা সেরে ফেলেছিলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ স্বীকৃতি মজুমদার। আর সেই বিয়ের ছবি ওয়েডিং ফটোগ্রাফি থেকে ফাঁস হতেই প্রকাশ্যে আসে সেই খবর। কিন্তু তারপরই হঠাৎ করে সেই বিয়ের ছবি মুছে দেওয়া হয়। আর তারপর থেকেই স্বীকৃতি নিজের সোশ্যাল মিডিয়া পেজেও তাঁর বিয়ের বা বরের ছবি দেওয়া থেকে বিরতই থাকেন। এমনকী বিয়ে নিয়ে একটা শব্দও খরচ করতে রাজি ছিলেন না অভিনেত্রী। কেন এই গোপনীয়তা তা অবশ্য জানা যায়নি। অবশেষে প্রায় ২ বছর পর বরের সঙ্গে সেলফি পোস্ট করলেন মেয়েবেলার মৌ।
'মেয়েবেলা' সিরিয়ালের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন স্বীকৃতি। ডোডোদা তথা অর্পণের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন কেড়েছিল। এরপরও স্বীকৃতিকে দেখা যায় 'আলোর কোলে' সিলিয়ালেও। 'আনন্দী' সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে হঠাৎ করেই বিয়ে করে নেন স্বীকৃতি। যদিও তিনি নিজে কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। এক ওয়েডিং ফটোগ্রাফির পেজ থেকে তাঁর সেই বিয়ের ছবি শেয়ার করা হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই ছবি মুছে দেওয়া হয়।

এরপর থেকে স্বীকৃতি তাঁর বরের সঙ্গে কোনও ছবি শেয়ার করেননি কোনওদিন। প্রায় দু বছর পর স্বীকৃতি তাঁর বরের সঙ্গে ছবি শেয়ার করেছেন। বৃহস্পতিবার ছিল ICC T20 World Cup সেমি ফাইনাল। ভারত ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে। স্বীকৃতিতে এদিন দেখা গেল ভারতের জার্সি গায়ে দিয়ে। অভিনেত্রী একটি মিরর সেলফি পোস্ট করেন। যেখানে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে আর পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন স্বীকৃতির বর। দুজনেই ভারতকে সমর্থন করার জন্য জার্সি পরে রয়েছেন। বিয়ের পর এই প্রথমবার বরের সঙ্গে ছবি পোস্ট করলেন স্বীকৃতি।

অবাঙালি মতেই বিয়ে সেরেছিলেন স্বীকৃতি। পাত্র যদিও এই ইন্ডাস্ট্রির কেউ নন। তাঁর নাম রাহুল। স্বীকৃতির বিয়ের সাজেও ছিল অবাঙালি ছোঁয়া। তবে বাঙালির বিয়ের মুকুট ও গাছকৌটো ছিল তাঁর হাতে। তবে বিয়েটা প্রথম থেকেই ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন স্বীকৃতি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় থাকেন তিনি। তাঁর বোল্ড অবতারের ছবিগুলো সোশ্যাল দুনিয়ায় আগুন ধরায়। স্বীকৃতির বিয়ের ছবি-ভিডিওতে কিন্তু ইন্ডাস্ট্রির কাউকে দেখা যায়নি। সম্ভবত শুধুমাত্র দুই পরিবারের উপস্থিতিতেই এক হয়েছে স্বীকৃতি-রাহুলের চার হাত।