সন্দীপ্তা সেনকথায় আছে 'ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে'। আর বাঙালিরা ভিনরাজ্যে গেলেও বাংলা ভাষা ভোলেন না। সেরকমই প্রমাণ পাওয়া গেল অভিনেত্রী সন্দীপ্তা সেনের থেকে। আদ্যোপান্ত বাঙালি কন্যা এই মুহূর্তে হিন্দিতেও চুটিয়ে অভিনয় করছেন। আর সেই সুবাদে তাঁকে বেশিরভাগ সময়ই থাকতে হচ্ছে চণ্ডীগড়ে। সেখান থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। যা নিয়ে বেশ চর্চা চলছে নেট দুনিয়ায়।
ঠিক কী রয়েছে সেই ভিডিওতে? ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে গাড়ির সামনের সিটে বসে রয়েছেন সন্দীপ্তা। গাড়ির সামনে এসে এক মহিলা কিছু বিক্রি করতে এলে চণ্ডীগড়ের মাটিতেই সোজা সাপটা বাংলা ভাষাতে কথা বলতে দেখা যায় সন্দীপ্তাকে। তিনি প্রথমে বলেন, কেমন আছ? ভালো আছ?” এরপর তাঁর হাতের জিনিস দেখিয়ে অভিনেত্রীকে ওই মহিলা কেনার অনুরোধ করলে অভিনেত্রী বলেন, “এখন লাগবে না। এগুলো আমাদের প্রোডাকশন থেকেই দেয়। এরপরই সন্দীপ্তা অনুভব করেন যে এটা তাঁর রাজ্য নয়, চণ্ডীগড়, যেখানে বাংলা বোঝেন না অধিকাংশ জনই।
সন্দীপ্তার এই মজার ভিডিও মোবাইলে ক্যামেরা বন্দি করে রেখেছে নূর কৌর। আচমকাই তা লক্ষ্য করতে হেসে ফেটে পড়েন খোদ সন্দীপ্তা। আন্তর্জাতিক ভাষা দিবসে নেটপাড়ায় ভাইরাল হয়েছে সন্দীপ্তার ওই ভিডিও। অভিনেত্রীর এই ভিডিও দেখে অনেকেই বলছেন যে ভিনরাজ্যে গিয়েও নিজের ভাষাকে ভোলেননি অভিনেত্রী। সন্দীপ্তাও যে নিজের শিকড়কে ভোলেননি, তা এই ভিডিওতে স্পষ্ট।
সিরিয়াল এবং ওয়েব সিরিজের চেনা মুখ হলেন সন্দীপ্তা। তাঁর অভিনয় মন জয় করেছে বহু দর্শকদের। গত বছরের জুলাইতে টেলিপর্দায় ফিরেছেন তিনি। তবে হিন্দি টেলিভিশনে। অভিনেত্রীকে দেখা যাচ্ছে খ্যাতনামা হিন্দি চ্যানেলের মেগা সিরিয়ালের মুখ্য চরিত্রে। টলিপাড়ার বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সন্দীপ্তা। উনিশ বছর আগে ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে অভিনয় কেরিয়ার শুরু। তারপর একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। হইচই-এর একাধিক সিরিজে তিনি কাজ করেছেন।