Donald Trump: 'ভেসে আসা আওয়াজ বলল, ট্রাম্পকে খুন কর!' হোয়াইট হাউসের বাইরে গ্রেফতার রহস্যময় ব্যক্তি

হোয়াইট হাউসের কাছেই সন্দেহজনক একটি পিকআপ ট্রাক থেকে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ। ধৃত ব্যক্তি ২৬ বছর বয়সি এক ভেনেজুয়েলার নাগরিক। তাঁর দাবি, মাথার ভিতর থেকে ভেসে আসা আওয়াজ তাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন করার নির্দেশ দিচ্ছিল!

Advertisement
'ভেসে আসা আওয়াজ বলল, ট্রাম্পকে খুন কর!' হোয়াইট হাউসের বাইরে গ্রেফতার রহস্যময় ব্যক্তি
হাইলাইটস
  • হোয়াইট হাউসের কাছেই সন্দেহভাজন গ্রেফতার
  • ধৃত ব্যক্তি ২৬ বছর বয়সি এক ভেনেজুয়েলার নাগরিক
  • দাবি, ভেসে আসা আওয়াজ তাঁকে ট্রাম্পকে খুন করতে বলছিল

হোয়াইট হাউসের কাছেই সন্দেহজনক একটি পিকআপ ট্রাক থেকে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ। বৃহস্পতিবার রাতে নিয়মিত টহল দেওয়ার সময় ওই ট্রাকটিকে ঘিরে সন্দেহ হয় মার্কিন সিক্রেট সার্ভিসের এক আধিকারিকের। এরপর গাড়ির ভিতরে থাকা ব্যক্তির কাছে পৌঁছতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি AR-15 রাইফেল, দু'টি হ্যান্ডগান এবং প্রচুর গুলি। ধৃত ব্যক্তি ২৬ বছর বয়সি এক ভেনেজুয়েলার নাগরিক। তাঁর দাবি, মাথার ভিতর থেকে ভেসে আসা আওয়াজ তাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন করার নির্দেশ দিচ্ছিল!

বৃহস্পতিবার মধ্যরাতের কিছু আগে এই ঘটনা ঘটে। হোয়াইট হাউস চত্বরের কাছেই কনস্টিটিউশন অ্যাভিনিউতে একটি নীল রঙের ফোর্ড F-150 পিকআপ ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেন টহলরত এক মার্কিন সিক্রেট সার্ভিস আধিকারিক। গাড়িটির ভিতরে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই চালকের কাছে যান তিনি। ওই ব্যক্তি নিরাপদে রয়েছেন কি না এবং তাঁর কাছে কোনও অস্ত্র রয়েছে কি না, তা জানতে চান আধিকারিক।

ডিসি সুপিরিয়র কোর্টে জমা দেওয়া ফৌজদারি অভিযোগপত্র অনুযায়ী, অস্ত্র থাকার প্রশ্নে মাথা নাড়েন ওই ব্যক্তি। পাশাপাশি আঙুল দিয়ে বন্দুকের ইঙ্গিতও করেন। এরপর গাড়ি থেকে নেমে গুগল ট্রান্সলেটের সাহায্যে তদন্তকারীদের সঙ্গে কথা বলেন তিনি।

ওই ব্যক্তি তদন্তকারীদের জানান, তাঁর কাছে একটি বন্দুক রয়েছে। কেউ একজন সেই বন্দুক দিয়ে তাঁকে খুন করার চেষ্টা করেছিল। সেই ব্যক্তির কাছ থেকেই তিনি বন্দুকটি কেড়ে নিয়েছেন। এরপর গাড়ির ভিতরে থাকা একটি বাদামি রঙের ব্যাগের দিকে তদন্তকারীদের নজর ঘুরিয়ে দেন তিনি।

চুরি যাওয়া গাড়ি থেকে উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র
গাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন তদন্তকারীরা। সেগুলি হল একটি MAC-10 মেশিন পিস্তল, একটি Glock 43x পিস্তল এবং একটি AR-15 রাইফেল। পাশাপাশি কয়েক ডজন কার্তুজও উদ্ধার হয়েছে বলে ফৌজদারি অভিযোগপত্র এবং মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS) সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পরে তদন্তে জানা যায়, ওই পিকআপ ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি গিয়েছিল বলে অভিযোগ দায়ের হয়েছিল। DHS-এর দাবি, জিজ্ঞাসাবাদের সময় গুয়ানিপা-ক্রিনোস তদন্তকারীদের জানান, তাঁর মাথার ভিতর থেকে আওয়াজ আসছিল। সেই আওয়াজ তাঁকে ওয়াশিংটন ডিসিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন করার নির্দেশ দিচ্ছিল। তবে মাথার ভিতর থেকে আওয়াজ আসার এই সংক্রান্ত বক্তব্যটি ফৌজদারি অভিযোগের হলফনামায় উল্লেখ করা হয়নি।

ঘটনা প্রসঙ্গে মার্কিন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর শন কারান বলেন, 'হোয়াইট হাউসের চারপাশে নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।' তাঁর কথায়, 'এই ঘটনা তাঁদের কাজের ক্ষেত্রে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি হোয়াইট হাউস চত্বরে অস্ত্র-সহ সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনার বিষয়টিও সামনে এনেছে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় সিক্রেট সার্ভিসের কর্মীরা প্রশিক্ষিত।' তবে নিরাপত্তা সংক্রান্ত হুমকির ঘটনার সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শন কারান।

একাধিক অস্ত্র ও চুরির অভিযোগে ধৃত
ধৃত গুয়ানিপা-ক্রিনোসকে মার্কিন মার্শাল সার্ভিসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে,অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার, চুরি যাওয়া সম্পত্তি গ্রহণ, লাইসেন্স ছাড়া পিস্তল বহন এবং লাইসেন্স ছাড়া রাইফেল বহনের অভিযোগ। এ ছাড়াও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার ডিসি সুপিরিয়র কোর্টে হাজির করা হয় তাঁকে। অনলাইন আদালতের নথি অনুযায়ী, কোনও জামিন ছাড়াই আপাতত হেফাজতে রয়েছেন তিনি। DHS জানিয়েছে, গুয়ানিপা-ক্রিনোস ভেনেজুয়েলার এক নথিবিহীন অভিবাসী। ২০২৪ সালের মার্চ মাসে টেক্সাস দিয়ে তিনি আমেরিকায় প্রবেশ করেছিলেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিবাসন সংক্রান্ত আটকাদেশ জারি করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)।

 

POST A COMMENT
Advertisement