ইরান যুদ্ধে এক্সপায়ার্ড মিসাইল ছুড়েছে আমেরিকা (ছবি: এপি)ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ নিয়ে সারা পৃথিবীর মাথা ব্যথার শেষ নেই। আর এই পরিস্থিতিতেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ইরানের সঙ্গে যুদ্ধে মেয়াদোত্তীর্ণ (এক্সপায়ার্ড) অস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী। এমনকী টমাহক ক্রুজ মিসাইলের মতো অত্যাধুনিক অস্ত্রও ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকার নৌবাহিনী। আর এই স্বীকারোক্তির পরই আমেরিকার অস্ত্রভাণ্ডারের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, পুরনো মিসাইল ব্যবহারের ঝুঁকি নিয়েও উদ্বেগের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্পের সরকার।
গত মঙ্গলবার, ১৭ নভেম্বর (মার্কিন সময়), মার্কিন সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির সামনে নিজের মনোনয়ন সংক্রান্ত শুনানিতে এই তথ্য জানান ভারপ্রাপ্ত মার্কিন নৌসচিব হাং কাও। দ্য বিজনেস ইনসাইডার এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, কাও জানান, এক্সপায়ার্ড বা ব্যবহারের অনুপযুক্ত বলে চিহ্নিত কিছু অস্ত্রের অপারেশন কোড পরিবর্তন করা হয়। তারপর সেগুলিকে ফের ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া 'অপারেশন এপিক ফিউরি'-তে সেই অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে।
পুরনো অস্ত্র ফের ব্যবহারের মতো করে তোলার প্রক্রিয়াটিকে বাসি পাউরুটিকে খাওয়ার উপযোগী করে তোলার সঙ্গে তুলনা করেন কাও। তবে কতগুলি মেয়াদোত্তীর্ণ টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছে, সেগুলির বয়স কত ছিল, এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি কাও। এছাড়া মিসাইলগুলি ছোড়ার আগে কতগুলি পরীক্ষা করা হয়েছিল বা সেগুলির সংস্কার করা হয়েছিল কি না, সেই তথ্যও প্রকাশ করেননি তিনি।
তবে এটুকু পরিষ্কার যে, ইরানের সঙ্গে যুদ্ধে প্রথম কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ মিসাইল ব্যবহারের জেরে সমস্যায় পড়ে আমেরিকার। তাদের অস্ত্রভাণ্ডারে ঘাটতি তৈরি হলেও হতে পারে।
গত ২৭ মার্চ দ্য ওয়াশিংটন পোস্ট-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরানের সঙ্গে যুদ্ধের মাত্র চার সপ্তাহে ৮৫০টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল ছুড়েছে মার্কিন সেনা। পরবর্তীতে ২১ এপ্রিল প্রকাশিত সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS)-এর একটি রিপোর্টে বলা হয়, সামরিক অভিযান বন্ধ হওয়া পর্যন্ত ব্যবহৃত মিসাইল অ্যাটাকের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছিল।
কেন এক্সপায়ার্ড অস্ত্র ব্যবহার করা বিপজ্জনক?
কোনও ক্ষেপণাস্ত্রের মেয়াদ পেরিয়ে যেতেই পারে। তার মানে এই নয় যে সেটি সঙ্গে সঙ্গেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে বা বিপজ্জনক হয়ে উঠবে।
রাষ্ট্রপুঞ্জের 'ম্যানুয়াল অন অ্যামুনিশন ম্যানেজমেন্ট' অনুযায়ী, দীর্ঘদিন ধরে সংরক্ষিত অস্ত্র ও গোলাবারুদের বিভিন্ন ধরনের ক্ষয় হতে পারে।
যেমন ধরুন প্রপেল্যান্ট (ক্ষেপণাস্ত্র চালানোর জ্বালানি) এবং বিস্ফোরকের রাসায়নিক গুণমানের অবনতি হতে পারে। এছাড়া স্থিতিশীল রাখার রাসায়নিক উপাদানের কার্যকারিতা কমে যাওয়া, ইলেকট্রনিক যন্ত্রাংশের ক্ষতি, সিল বা সিলিং ব্যবস্থার ক্ষতি, মরচে পড়া এবং কাঠামোগত ক্ষয় হতে পারে।
টমাহকের মতো অত্যাধুনিক ক্রুজ মিসাইলের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। কারণ, এই ধরনের ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নির্ভর করে এর প্রপালশন সিস্টেম, ইলেকট্রনিক যন্ত্রাংশ, নেভিগেশন প্রযুক্তি এবং ওয়ারহেডের (বিস্ফোরক অংশ) সমন্বিতভাবে কাজ করার উপর। গুরুত্বপূর্ণ কোনও একটি যন্ত্রাংশের কার্যক্ষমতা কমে গেলেও ক্ষেপণাস্ত্রের নির্ভরযোগ্যতা এবং আঘাত হানার ক্ষমতা বিঘ্নিত হতে পারে।
তবে ক্ষেপণাস্ত্রের কার্যকরী মেয়াদ বাড়ানোর জন্য মার্কিন নৌবাহিনীর নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে। ২০২৬ অর্থবর্ষের বাজেট সংক্রান্ত নথিতে বলা হয়েছে, টমাহক ব্লক-৪ এবং ব্লক-৫ ক্ষেপণাস্ত্রের কার্যকরী আয়ু ৩০ বছর। এর মধ্যে ১৫ বছর অন্তর সেগুলিকে পরীক্ষা এবং পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।
এই প্রক্রিয়ায় ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলির বিস্তারিত পরীক্ষা করা হয়। কোনও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা হয়। আবার প্রয়োজন অনুযায়ী বদলে দেওয়া হয়।