জর্ডনে ফের ২ মার্কিন সেনা নিহত, পাল্টা ইরানে এয়ারস্ট্রাইক আমেরিকারপশ্চিম এশিয়ায় মার্কিন সেনা ও ইরানি বাহিনীর মধ্যে যুদ্ধ ক্রমেই ঘোরালো আকার নিচ্ছে। শুক্রবার রাতে জর্ডনে ২ মার্কিন সেনা নিহত হওয়ার পরে পরিস্থিতি আরও বিগড়েছে। সেনার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ইরানের বিরুদ্ধে আরও একটি বড় ধরনের বিমান হামলা শুরু করেছে আমেরিকা। নির্দেশ দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেন্টকম-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে হুমকি সৃষ্টিকারী ইরানের ক্ষমতাকে আরও কম করা। গত রাতে জর্ডনে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পরেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-কে কঠোর শিক্ষা দেওয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকান সেনা।
আমেরিকার দাবি, শুক্রবার রাতে জর্ডনে মার্কিন সেনাদের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পেছনে আসলে ছিল এই IRGC। ওই হামলায় ২ জন নিহত হওয়ার পাশাপাশি এক সেনা নিখোঁজ এবং বাকি কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জখম সেনারা ফের কাজে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।
সেন্টকম জানিয়েছে, নিহত সৈন্যদের পরিচয় এই মুহূর্তে প্রকাশ করা হবে না। তাদের পরিবারকে গোটা বিষয়টি জানানোর পরেই নাম প্রকাশ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, "এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তারা আমাদের দেশের সেবা করতে গিয়ে প্রাণ দিয়েছেন।"
অন্যদিকে, এই দুই সেনার মৃত্যুর জেরে ইরান যুদ্ধে বর্তমানে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে হল ১৬। তবে উল্লেখ্য বিষয় হল, নিহতদের বেশিরভাগই বায়ুসেনার পেশায় কর্মরত ছিলেন। মূলত ড্রোন হামলা, ব্যালেস্টিক মিসাইল অ্যাটাকের জেরেই অধিকাংশ ক্ষেত্রে এই প্রাণহানি হয়েছে। তবে এই মৃত্যুর বদলা নেওয়া হচ্ছে বলেও জানিয়ে দিয়েছে আমেরিকা।