ডোনাল্ড ট্রাম্পভারতীয় জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান। শুক্রবার এমনই গুরুতর অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, হরমুজ প্রণালী থেকে বেরিয়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরানের ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। তবে সেই আক্রমণ ব্যর্থ হয়।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, 'গত রাতে হরমুজ প্রণালী থেকে বেরিয়ে আসার সময় ভারতীয় জাহাজগুলির উপর তারা (ইরান) সম্পূর্ণ ব্যর্থ ড্রোন হামলা করে। এটা মেনে নেওয়া যায় না।'
তবে তিনি কোন জাহাজগুলির কথা বলছিলেন, তা স্পষ্ট করেননি। প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকেও এই অভিযোগের কোনও জবাব দেওয়া হয়নি।
ট্রাম্প যখন এই দাবি করছেন, তখনই মার্কিন সামরিক অভিযানের মুখে পড়েছে ভারতের তিনটি তেলবাহী ট্যাঙ্কার। ৮ জুন মার্কিন বাহিনী পালাউ ফ্ল্যাগড ট্যাঙ্কার ‘মারিভেক্স’-কে অচল করে দেয়। তবে জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়।
দু’দিন পরে আরেকটি পালাউ-ফ্ল্যাগড ট্যাঙ্কার ‘সেট্টেবেলো’ মার্কিন হামলার শিকার হয়। ওই জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে তিনজন নিহত হন।
এছাড়া গিনি-বিসাউ ফ্ল্যাগড ‘জলবীর’ নামের আরও একটি ট্যাঙ্কার বৃহস্পতিবার হামলার মুখে পড়ে। তাতে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন।
আর এমন পরিস্থিতিতে ভারত সরকার একই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের জন্য ভারতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করে। তাঁর কাছে ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিক থাকা আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ব্যাখ্যা চাওয়া হয়।
ওদিকে বিদেশ মন্ত্রকের (MEA) আমেরিকা বিভাগের অতিরিক্ত সচিব মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন। এর আগে, ডিরেক্টরেট জেনারেল অব শিপিং (DGS) হরমুজ প্রণালী, ওমান উপসাগর এবং সংলগ্ন জলসীমায় কর্মরত প্রায় ১৮ হাজার ভারতীয় নাবিকের জন্য নতুন সামুদ্রিক নিরাপত্তা সতর্কতা জারি করে। জাহাজ ও নাবিকদের সবরকমভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা বাড়ছে। যদিও তারপরও এই দু'টি দেশ একে অপরের বিরুদ্ধে মন্তব্য করেই চলেছে।
একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, এই আলোচনার বিষয়ে ইরান ভুল তথ্য ফাঁস করেছে। ট্রাম্প লেখেন, 'ইরান যে শর্তগুলির কথা ফেক নিউজের কাছে ফাঁস করেছে, সেগুলির সঙ্গে লিখিতভাবে সম্মত হওয়া শর্তগুলির কোনও সম্পর্ক নেই।'
তিনি আরও বলেন, 'সম্ভাব্য চুক্তি নিয়ে ইরানের মন্তব্যের সঙ্গে সত্যের কোনও সম্পর্ক নেই। তেহরান সদিচ্ছার সঙ্গে আলোচনা করছে না।'