হরমুজে জাহাজে আক্রমণ (ছবি: প্রতীকী @রয়টার্স)হরমুজ প্রণালীর জটিলতা কিছুতেই মিটছে না। ফের এই জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটল। এবার বিস্ফোরক দিয়ে হামলা চালানো হল পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ MT LOUISE 1-এ। ওই জাহাজে উপস্থিত ছিলেন ২৭ জন ভারতীয় নাবিক। গত ৩০ অক্টোবর এই হামলার ঘটনা ঘটে।
বিষয়টা নিয়ে বিশদে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তাদের দাবি, গত ফেব্রুয়ারিতে আমেরিকা-ইরান যুদ্ধ শুরু হয়েছিল। তারপর থেকে এই প্রথম হরমুজ প্রণালীতে বিস্ফোরক ব্যবহার করে সফল হামলা চালানো হল।
এই ভয়াবহ হামলার জেরে জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। কিছুক্ষণের জন্য অচল হয়ে পড়ে জাহাজটি।
তবে এই আক্রমণের জন্য কোনও নাবিকের ক্ষতি হয়নি। তাঁরা নিরাপদে রয়েছেন। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।
আগেও একটি জাহাজে হামলা
তবে হরমুজে হামলার ঘটনা এই প্রথম নয়। এই কাজটা বেশ কয়েক মাস ধরেই হয়ে চলেছে। এই যেমন ২৯ অক্টোবর আরও একটি জাহাজে হামলার ঘটনা সামনে আসে। লাইবেরিয়ার পতাকাবাহী বড় তেলবাহী জাহাজ MT ARZANAH-এ হামলা চালানো হয়। ওই জাহাজেও দুই ভারতীয় ছিলেন। তবে এই জাহাজে উপস্থিত ব্যক্তিরও কোনও আঘাত লাগেনি। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।
বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া X-এ একটি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, সরকার গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের টার্গেট।
কীভাবে হল হামলা?
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, MT LOUISE 1 জাহাজে একটি ছোট নৌকা থেকে হামলা চালানো হয়। ওই নৌকা থেকে জাহাজের গায়ে দু'টি বিশেষ ধরনের বিস্ফোরক লাগিয়ে দেওয়া হয়। এই বিস্ফোরকগুলিকে লিমপেট মাইন বলা হয়। বিস্ফোরক লাগানোর পর নৌকাটি সেখান থেকে চলে যায়।
বিস্ফোরণ হতেই জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। যদিও জাহাজের কর্মীরা দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় সমুদ্রের জলেও কোনও তেল ছড়িয়ে পড়েনি। যার জন্য ফের যাত্রা শুরু করে জাহাজটি।
ব্রিটিশ নৌবাহিনীর অধীনস্থ সংস্থা UK Maritime Trade Operations (UKMTO) জানিয়েছে, বৃহস্পতিবার ওমানের খাসাব এলাকার উত্তর-পূর্ব দিকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে। তবে তাদের প্রাথমিক বিবৃতিতে জাহাজটির নাম জানানো হয়নি। পরে তিনটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানায়, আক্রান্ত জাহাজটি MT LOUISE 1।
রয়টার্সের দাবি, গত ফেব্রুয়ারি থেকে চলছে ঝামেলা। তবে হরমুজ প্রণালীতে এই প্রথম লিমপেট মাইন ব্যবহার করে হামলার ঘটনা সামনে এল।