মঙ্গলে মিলল চুনি পৃথিবীর মতো মঙ্গলেও কি লুকিয়ে রয়েছে চুনি বা রুবি? লাল গ্রহের মাটিতে এমনই এক আশ্চর্য খনিজের সন্ধান পেল NASA-র Perseverance রোভার। মঙ্গলের হালকা রঙের পাথর পরীক্ষা করতে গিয়ে বিশেষ ধরনের লাল আলোর বিকিরণ শনাক্ত করেছে রোভারটি। বিজ্ঞানীদের ধারণা, এই আলোর সংকেত ক্রোমিয়ামযুক্ত কোরানডাম (Corundum) খনিজের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। পৃথিবীতে এই খনিজেরই একটি বিশেষ রূপ রুবি বা চুনি নামে পরিচিত। মঙ্গলের এই আবিস্কারই বিজ্ঞানীদের সামনে খুলে দিয়েছে লাল গ্রহের প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাসের নতুন দরজা।
মঙ্গলের পাথরে কী খুঁজে পেল NASA-র রোভার?
মঙ্গলে পাথরের রাসায়নিক ও খনিজ উপাদান পরীক্ষা করার জন্য Perseverance রোভারে রয়েছে একাধিক অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র। তার মধ্যে অন্যতম সুপারক্যাম (SuperCam)। লেজার এবং বিভিন্ন স্পেকট্রোস্কোপিক প্রযুক্তির সাহায্যে মঙ্গলের পাথর বিশ্লেষণ করে এই যন্ত্র।
সম্প্রতি মঙ্গলের একটি হালকা রঙের পাথর পরীক্ষা করার সময় সুপারক্যামে বিশেষ ধরনের আলোর সংকেত ধরা পড়ে। বিজ্ঞানীরা ৬৯২.৭ এবং ৬৯৪.১ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে দুটি তীব্র ও সরু লুমিনেসেন্স পিক শনাক্ত করেন। এই বিশেষ আলোক বিকিরণ ক্রোমিয়াম পরমাণুর সঙ্গে সম্পর্কিত, যা কোরানডামের স্ফটিক কাঠামোর মধ্যে থাকতে পারে।
পৃথিবীতে কোরানডাম খনিজের মধ্যে ক্রোমিয়াম মিশে গেলে তৈরি হয় রুবি বা চুনি। এই রত্নের উজ্জ্বল লাল রঙের জন্য দায়ী ক্রোমিয়ামই। ফলে মঙ্গলের পাথরে এই ধরনের আলোক সংকেত বিজ্ঞানীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
সুপারক্যামের Time-resolved luminescence প্রযুক্তি এই আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কোনও পদার্থ আলো শোষণ করার পর কতটা সময় ধরে আলো বিকিরণ করছে, তা বিশ্লেষণ করতে পারে এই প্রযুক্তি। সেই পদ্ধতিতেই ক্রোমিয়াম পরমাণুর বিলম্বিত আলোক বিকিরণ পরীক্ষা করে খনিজটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার সূত্র পেয়েছেন গবেষকরা।
মঙ্গলে কীভাবে তৈরি হল চুনি?
এই আবিষ্কারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল মঙ্গলে এমন খনিজ তৈরি হল কীভাবে, তা নিয়ে বিজ্ঞানীদের অনুসন্ধান। পৃথিবীতে সাধারণত রূপান্তরিত শিলা বা পেগমাটাইটের মতো বিশেষ ভূতাত্ত্বিক পরিবেশে কোরানডাম তৈরি হয়। পৃথিবীতে ভূত্বকের পাতগুলির চলাচল বা প্লেট টেকটনিক্স এই ধরনের ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু পৃথিবীর মতো সক্রিয় প্লেট টেকটনিক্স ব্যবস্থা মঙ্গলে নেই।
তাহলে লাল গ্রহে এই খনিজ তৈরি হল কীভাবে? বিজ্ঞানীদের ধারণা, প্রাচীনকালে গ্রহাণু বা উল্কাপিণ্ডের আঘাত এর সম্ভাব্য কারণ হতে পারে। মহাকাশ থেকে আসা বিশাল কোনও বস্তু মঙ্গলের মাটিতে আছড়ে পড়লে আশপাশের পাথরে প্রচণ্ড তাপ ও চাপ তৈরি হতে পারে। দীর্ঘ সময় ধরে এই ধরনের পরিস্থিতিতে স্থানীয়ভাবে শিলার রূপান্তর ঘটতে পারে। তার ফলেই তৈরি হয়ে থাকতে পারে এমন খনিজ।
মঙ্গলের জেজেরো (Jezero) গহ্বরের প্রান্তবর্তী প্রাচীন ভূতাত্ত্বিক অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছে Perseverance। বিজ্ঞানীদের ধারণা, সেখানে অতীতে গ্রহাণুর আঘাতের ফলে তৈরি হওয়া ভূতাত্ত্বিক পরিবর্তনের চিহ্ন এখনও সংরক্ষিত থাকতে পারে।
আরও কী খুঁজছে NASA?
এই আবিষ্কারের পর বিজ্ঞানীরা মঙ্গলের হালকা রঙের পাথরগুলিতে আরও বেশি করে সুপারক্যামের লুমিনেসেন্স প্রযুক্তি ব্যবহার করছেন। তাঁদের লক্ষ্য, এই ধরনের খনিজের আরও উপস্থিতি খুঁজে বের করা এবং মঙ্গলের প্রাচীন ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা। গবেষক অ্যান ওলিলার নেতৃত্বাধীন একটি দল এই গবেষণা চালিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা Geophysical Research Letters-এ।