Jensen Huang Biography: সাফাইকর্মী থেকে বিলিয়নেয়ার, কে এই জেনসেন হুয়াং, কেন তাঁকে নিয়ে বিতর্ক?

সামান্য ক'টা টাকার জন্য বাথরুম পরিষ্কারের কাজও করতে হয়েছে। অথচ আজ তাঁর কোম্পানি ছাড়া গোটা বিশ্বের প্রযুক্তি ব্যবস্থাই মুখ থুবড়ে পড়বে। সেই শান্তশিষ্ট ছেলেটির নাম জেনসেন হুয়াং।

Advertisement
সাফাইকর্মী থেকে বিলিয়নেয়ার, কে এই জেনসেন হুয়াং, কেন তাঁকে নিয়ে বিতর্ক?আজ তাঁর কোম্পানি ছাড়া গোটা বিশ্বের প্রযুক্তি ব্যবস্থাই মুখ থুবড়ে পড়বে।
হাইলাইটস
  • এক সময় স্কুলে সহপাঠীদের মারধর, হেনস্থার শিকার হয়েছেন।
  • বাথরুম পরিষ্কারের কাজও করতে হয়েছে।
  • শান্তশিষ্ট ছেলেটির নাম জেনসেন হুয়াং।

লাজুক, মুখচোরা ছেলেটি এক সময় স্কুলে সহপাঠীদের মারধর, হেনস্থার শিকার হয়েছেন। সামান্য ক'টা টাকার জন্য বাথরুম পরিষ্কারের কাজও করতে হয়েছে। অথচ আজ তাঁর কোম্পানি ছাড়া গোটা বিশ্বের প্রযুক্তি ব্যবস্থাই মুখ থুবড়ে পড়বে। সেই শান্তশিষ্ট ছেলেটির নাম জেনসেন হুয়াং। NVIDIA-র প্রতিষ্ঠাতা-সিইও। বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি। ChatGPT থেকে Google Gemini, বিভিন্ন AI মডেলের পিছনে রয়েছে তাঁর সংস্থার তৈরি GPU। একটি মানুষের চরিত্রের নানা দিক থাকে। সম্প্রতি তাঁরই বিরুদ্ধে চিনা গুপ্তচর মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে।

তাইওয়ান থেকে আমেরিকা, কঠিন শৈশব
১৯৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি তাইওয়ানের তাইপেইয়ে জন্ম জেনসেনের। তাঁর আসল নাম জেন-সুন হুয়াং। মাত্র ৯ বছর বয়সে ভাইয়ের সঙ্গে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। কেন্টাকির একটি হোস্টেলে থেকে পড়াশোনা করতেন।

মনে হতেই পারে, যে আমেরিকায় পড়াশোনা। দারুণ সুন্দর জীবন। কিন্তু এক শিশুর পক্ষে হঠাৎ একেবারে ভিন্ন একটি দেশে গিয়ে খাপ খাইয়ে নেওয়া মোটেও সহজ নয়। তার উপর জেনসেনের ইংরাজিও ভাল ছিল না। হোস্টেলে রীতিমতো তাঁকে হেনস্থা করত সহপাঠীরা।

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পড়াশোনাকেই নিজের প্রিয় বন্ধু বানিয়ে নেন। পরে পরিবারের সঙ্গে ওরেগনে চলে যান। Oregon State University থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এ সময় পড়াশোনার খরচ চালাতে বাথরুম সাফাইকর্মীর কাজও করতেন পার্টটাইম। ১৯৯২ সালে Stanford University থেকে স্নাতকোত্তর ডিগ্রি। 

রেস্তোরাঁর টেবিলে NVIDIA-র জন্ম
স্ট্যানফোর্ডের ডিগ্রি। দারুণ মার্কশিট। মোটা মাইনের ইঞ্জিনিয়ারের চাকরিও পেয়ে যান। AMD এবং LSI Logic-এ চাকরি করেন জেনসেন। লাখ-লাখ টাকা মাইনে। অন্য কেউ হলে এতেই সন্তুষ্ট থাকতেন। কিন্তু জেনসেনের লক্ষ্য ছিল আরও বড় কিছু করার। আর সেই লক্ষ্যেই ১৯৯৩ সালে ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়ামের সঙ্গে NVIDIA প্রতিষ্ঠা করেন। নিজের কোম্পানি শুরুর কাহিনীও বেশ মজার।

আমেরিকার একটি ছোট রেস্তোরাঁয় বসে তিন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। তখনই এই ব্যবসার প্ল্যান ফাঁদেন। সে সময় ধীরে ধীরে লোকের বাড়িতে, অফিসে ব্যক্তিগত কম্পিউটার কেনার প্রবণতা বাড়ছে। 

Advertisement

অনেকেই জানেন, গেম খেলতে কম্পিউটারে ভাল গ্রাফিক্স কার্ড লাগে। সেই গ্রাফিক্স কার্ড বানানোরই ব্যবসা করবেন বলে ঠিক করেন তিন বন্ধু। AMD, LSI-তে কাজের সূত্রে এই ব্যবসার বিভিন্ন সোর্স, রেভেনিউ মডেলের আইডিয়া ছিলই। 

১৯৯৯ সালে GPU প্রযুক্তি সামনে আনে NVIDIA। ২০০৬ সালে CUDA প্রযুক্তি চালু করে সংস্থাটি। এর ফলে GPU দিয়ে সাধারণ হিসাবের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা ও AI-র কাজও সহজ হয়।

AI যুগ
২০১২ সালে AlexNet-এর সাফল্যে AI গবেষণায় NVIDIA-র GPU-র গুরুত্ব আরও স্পষ্ট হয়। পরে ChatGPT-র মতো প্রযুক্তির প্রসারে বাড়ে উন্নত চিপের চাহিদা। Microsoft, Google, Amazon-সহ একাধিক সংস্থা NVIDIA-র উপর নির্ভরশীল হয়ে পড়ে। ২০২৬ সালের ৮ নভেম্বরের হিসাব অনুযায়ী, সংস্থার বাজারমূল্য প্রায় ৪.৫ লক্ষ কোটি ডলার। কালো চামড়ার জ্যাকেটও হয়ে উঠেছে জেনসেনের পরিচিতি।

বর্তমানে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক তুঙ্গে। চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি সংক্রান্ত সংবাদে ওই মহিলার চিনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগেরও অভিযোগ তোলা হচ্ছে। ইতিমধ্যেই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন জেনসেন। তবে গুপ্তচর-যোগের বিষয়ে কিছু জানাননি। ৮ নভেম্বর NVIDIA-র পরিচালন পর্ষদ স্বাধীন তদন্তের ঘোষণা করেছে। সংস্থার দাবি, আপাতত জাতীয় নিরাপত্তা বা ব্যবসায়িক গোপন তথ্য ফাঁসের কোনও প্রমাণ তাদের হাতে নেই। তদন্তের ফলের দিকেই এখন নজর প্রযুক্তি দুনিয়ার। 

POST A COMMENT
Advertisement