নাম না করেই বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন বিদেশমন্ত্রী।রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে সরব ভারত। শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮১তম অধিবেশন ছিল। বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও রকম আপস করা যাবে না। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় বা তার পরিকাঠামোকে সাহায্য করে, তাদেরও জবাব দিতে হবে, সাফ জানিয়ে দেন জয়শঙ্কর। সন্ত্রাসবাদে অর্থ জোগানের নেটওয়ার্ক চিহ্নিত করে তা বন্ধ করার উপরেও জোর দেন বিদেশমন্ত্রী।
বক্তব্যে পাকিস্তানের নাম না করলেও জয়শঙ্কর যে তাদেরই ইঙ্গিত করেছেন, তা বেশ স্পষ্ট। তিনি বলেন, 'ধারাবাহিক সন্ত্রাসবাদ চর্চাকারী'(সিরিয়াল টেররিজম প্র্যাকটিশনার) কেউ যদি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এসে তথ্য বিকৃত করেন, তা মেনে নেওয়া হবে না। সন্ত্রাসবাদকে স্বাভাবিক ঘটনা হিসাবে তুলে ধরা বা তার পরিণতি থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
জয়শঙ্করের কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানে কোনও পরিবর্তন হবে না। সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে। সেই অধিকার প্রয়োগ করা হবে বলেও স্পষ্ট বার্তা দেন বিদেশমন্ত্রী।
সন্ত্রাস আর বন্ধুত্ব একসঙ্গে হতে পারে না
দেশগুলির পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও সন্ত্রাসবাদকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে তুলে ধরেন জয়শঙ্কর। তাঁর বক্তব্য, এক দিকে বন্ধুত্ব ও সদিচ্ছার কথা বলা হবে, অন্য দিকে সন্ত্রাসবাদকে হাতিয়ার করা হবে; এই দুই অবস্থান একসঙ্গে চলতে পারে না।
জয়শঙ্কর বলেন, যে পক্ষ সন্ত্রাসবাদকে ব্যবহার করছে, তাদেরই নিজেদের পথ বদলাতে হবে। তাঁর বক্তব্যে আরও উঠে আসে সন্ত্রাসে অর্থ জোগানের বিষয়টি। শুধু হামলাকারী নয়, সন্ত্রাসের পিছনে থাকা অর্থের উৎস, সাহায্যকারী এবং পরিকাঠামোকেও চিহ্নিত করার দাবি জানান এস জয়শঙ্কর।