বাড়ছে মুসলিম জনসংখ্যাবিশ্বের সর্ববৃহৎ ধর্ম হতে চলেছে ইসলাম ধর্ম। তকমা হারাতে চলেছে খ্রিস্টধর্ম। ২০৩৫ সালের মধ্যেই খ্রিস্টধর্মকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হয়ে উঠতে পারে ইসলাম। এমনই পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার (Pew Research Center)। সংস্থার গবেষণা অনুযায়ী, বর্তমানে দুই ধর্মের মানুষের সংখ্যাই বেড়েছে। তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার খ্রিস্টানদের তুলনায় অনেকটাই বেশি।
পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, এই পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় কারণ মুসলিম মহিলাদের উচ্চ প্রজনন হার। ধর্মান্তর বা ধর্মীয় পরিচয়ের পরিবর্তন এ ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেক কম ভূমিকা পালন করছে। পিউ-এর সিনিয়র ডেমোগ্রাফার কনরাড হ্যাকেটের কথায়, এর প্রধান কারণ হল জন্মহার।
২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মহিলাদের গড় সন্তান জন্ম দেওয়ার হার ছিল ৩.১। অন্যদিকে, খ্রিস্টান মহিলাদের ক্ষেত্রে এই হার ২.৫। অন্যান্য ধর্মের মহিলাদের গড় সন্তান জন্ম দেওয়ার হার ছিল ১.৬। উল্লেখ্য, একটি প্রজন্মের জনসংখ্যা অপরিবর্তিত রাখতে সাধারণত ২.১ পরিসংখ্যান প্রয়োজন বলে মনে করা হয়।
পিউ-এর হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলিমদের সংখ্যা ২০২ কোটি। কিন্তু আগামী ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছতে পারে। সেই সময় খ্রিস্টানদের সংখ্যা দাঁড়াতে পারে ২৫২ কোটি। অর্থাৎ, মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাপিয়ে যাবে। সাম্প্রতিক প্রবণতা বজায় থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। অন্যদিকে, খ্রিস্টানদের সংখ্যা থাকবে ৩০০ কোটির সামান্য কম।
২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলির জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন নিয়ে এই সমীক্ষা করেছে পিউ রিসার্চ সেন্টার। বয়সের কাঠামো, প্রজনন হার, অভিবাসন এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের মতো বিষয়গুলি বিবেচনা করে এই হিসাব তৈরি করা হয়েছে।
আমেরিকা ও কানাডাতেও কমবে খ্রিস্টানদের সংখ্যা
শুধু বিশ্বজুড়েই নয়, আমেরিকা ও কানাডাতেও খ্রিস্টান জনসংখ্যার অনুপাত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ। বর্তমানে আমেরিকার মোট জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিস্টান। কিন্তু আগামী ৪০ বছরের মধ্যে, অর্থাৎ ২০৬৫ সালের মধ্যে এই হার ৫০ শতাংশের নীচে নেমে যেতে পারে।
কানাডার ক্ষেত্রেও ২০৩০ সালের মধ্যে খ্রিস্টানদের অনুপাত ৫০ শতাংশের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশেই ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিবর্তন ঘটছে। ২০৭০ সালের মধ্যে আমেরিকার জনসংখ্যার ৪১ শতাংশ ধর্মীয় পরিচয়হীন হতে পারে। কানাডাতেও এই গোষ্ঠীর মানুষের সংখ্যা খ্রিস্টানদের ছাপিয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশ্বের কোন ধর্মের জনসংখ্যা কতটা বাড়বে?
পিউ-এর অনুমান, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। সমীক্ষায় অন্তর্ভুক্ত ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে শুধুমাত্র ইসলাম ও খ্রিস্টধর্মের জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে পাল্লা দেবে।
এই সময়ের মধ্যে খ্রিস্টান জনসংখ্যা ৩০ শতাংশ বাড়তে পারে। অন্যদিকে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হতে পারে ৮০ শতাংশ। হিন্দু ও ইহুদিদের সংখ্যাও বাড়বে বলে অনুমান করা হয়েছে। তবে বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় এই দুই ধর্মের মানুষের অনুপাত কমতে পারে।
অন্যদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা এবং বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে তাদের অনুপাত, দুটোই কমবে। চিন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের জনসংখ্যা কমে যাওয়াই এর নেপথ্যে মূল কারণ।
আফ্রিকায় বাড়বে খ্রিস্টান ও মুসলিম জনসংখ্যা
আগামী কয়েক দশকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সিংহভাগই হতে পারে আফ্রিকায়। বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বেশি। এই অঞ্চলের অধিকাংশ মানুষই খ্রিস্টান অথবা মুসলিম। উচ্চ প্রজনন হার এবং মানুষের গড় আয়ু বৃদ্ধির কারণে বিশ্বে এই দুই ধর্মের মানুষের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।
২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খ্রিস্টান সাহারা-দক্ষিণ আফ্রিকা অঞ্চলে বসবাস করতে পারেন। কঙ্গোতে খ্রিস্টানদের সংখ্যা তিন গুণ বেড়ে ২৭ কোটিতে পৌঁছতে পারে। এর ফলে আমেরিকাকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিস্টান জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে কঙ্গো।
অন্যদিকে, ইউরোপের জনসংখ্যা ২০৭০ সালের মধ্যে ১৭ শতাংশ কমতে পারে। ইউরোপে খ্রিস্টানদের সংখ্যা ৫০৫০ লক্ষ থেকে কমে ৩২৪০ লক্ষে দাঁড়ানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সময়ে ইউরোপের মোট জনসংখ্যার মধ্যে মুসলিমদের অনুপাত ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হতে পারে।
আমেরিকাতেও খ্রিস্টানদের মোট সংখ্যা কমতে পারে। ২০২০ সালে সেখানে খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৭০ লক্ষ। ২০৭০ সালের মধ্যে তা কমে প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ হতে পারে।
মুসলিম মায়েদের সন্তান জন্মের হার সবচেয়ে বেশি
পিউ-এর অনুমান অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে অন্য যে কোনও ধর্মের মহিলাদের তুলনায় মুসলিম মহিলারা বেশি সন্তানের জন্ম দিয়েছেন। এই পাঁচ বছরে মুসলিম মায়েদের ঘরে জন্ম নিয়েছে প্রায় ২৫ কোটি ২০ লক্ষ শিশু। খ্রিস্টান মায়েদের সন্তান জন্মের সংখ্যা ছিল প্রায় ২০ কোটি ৮০ লক্ষ।
আগামী কয়েক দশকেও মুসলিম জনসংখ্যার মধ্যে জন্মের সংখ্যা বাড়তে পারে। পিউ-এর পূর্বাভাস অনুযায়ী, প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে একমাত্র মুসলিমদেরই জন্মহার বাড়বে। অন্য ধর্মীয় গোষ্ঠীগুলির ক্ষেত্রে জন্মের হার হয় স্থিতিশীল থাকবে, নয়তো ধীরে ধীরে কমবে।
বর্তমানে ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করেন। তবে সাম্প্রতিক প্রবণতা বজায় থাকলে ২০৭০ সালের মধ্যে সেই জায়গা নিতে পারে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়া।
ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাও বাড়ছে
বিশ্বের বিভিন্ন দেশে নাস্তিক, অজ্ঞেয়বাদী এবং কোনও ধর্মের সঙ্গে নিজেদের যুক্ত করেন না, এমন মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। সম্মিলিতভাবে এই গোষ্ঠীকে 'নানস' (Nones) বলা হয়। চিনকে বাদ দিলে, ২০৭০ সালের মধ্যে এই গোষ্ঠীর মানুষের সংখ্যা ১৮ কোটিরও বেশি বাড়তে পারে বলে অনুমান। চিনে ধর্মীয় পরিচয়হীন মানুষের অনুপাত বেশি হলেও দেশটির সামগ্রিক জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই চেক প্রজাতন্ত্র, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উরুগুয়ে এবং ভিয়েতনাম-সহ ১০টি দেশে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ। ২০৭০ সালের মধ্যে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং ব্রিটেনও এই তালিকায় যুক্ত হতে পারে।