Donald Trump Jensen Huang: Nvidia CEO-র প্রেমিকা চিনা গুপ্তচর? বিস্ফোরক অভিযোগে মুখ খুললেন ট্রাম্প

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে তিনি জানান, এ দিনই হুয়াংয়ের সঙ্গে কথা হয়েছে তাঁর। এনভিডিয়া প্রধানের শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে খোঁজখবরও নিয়েছেন তিনি। ট্রাম্পের বিশ্বাস, এই পরিস্থিতি থেকে কোনও সমস্যায় পড়তে হবে না হুয়াংকে।

Advertisement
Nvidia CEO-র প্রেমিকা চিনা গুপ্তচর? বিস্ফোরক অভিযোগে মুখ খুললেন ট্রাম্পডোনাল্ড ট্রাম্প ও জেনসেন হুয়াং (ছবি: রয়টার্স)
হাইলাইটস
  • সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প
  • এ দিনই হুয়াংয়ের সঙ্গে কথা হয়েছে তাঁর
  • এনভিডিয়া প্রধানের শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে খোঁজখবরও নিয়েছেন তিনি

এনভিডিয়ার (Nvidia) সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক মহিলার সম্পর্ক রয়েছে? সেই মহিলা চিনের স্পাই হিসেবে কাজ করতেন? এমন অভিযোগ খতিয়ে দেখছে FBI বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মহিলার বিরুদ্ধে চিনা সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। যদিও ট্রাম্পের দাবি, ওই মহিলা যে গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকতে পারেন, সে বিষয়ে হুয়াংয়ের কোনও ধারণাই ছিল না।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে তিনি জানান, এ দিনই হুয়াংয়ের সঙ্গে কথা হয়েছে তাঁর। এনভিডিয়া প্রধানের শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে খোঁজখবরও নিয়েছেন তিনি। ট্রাম্পের বিশ্বাস, এই পরিস্থিতি থেকে কোনও সমস্যায় পড়তে হবে না হুয়াংকে।

ট্রাম্প বলেন, 'অন্য একটি বিষয় নিয়ে FBI তদন্ত করছে বলে আমি জানি। আমার মনে হয়, ও ভালই থাকবে।'

তিনি আরও বলেন, 'আজ আমি ওর সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছিলাম, ও কেমন আছে, সব ঠিকঠাক চলছে কি না। ও আমাকে জানিয়েছে, ওই মহিলা যে গুপ্তচর, সে বিষয়ে ওর একেবারেই কোনও ধারণা ছিল না।'

এই অভিযোগ সামনে আসার পরেই ওয়াশিংটন এবং প্রযুক্তি মহলে উদ্বেগ তৈরি হয়েছে। চিন এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চিপ সংক্রান্ত কোনও গোপন তথ্য হাতে পেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে উঠবে এই প্রসঙ্গ?
আগামী সপ্তাহে চিনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনের চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। হুয়াংকে ঘিরে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ তিনি শি-র সামনে তুলবেন কি না, তা জানতে চাওয়া হলে স্পষ্ট কোনও উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, 'না, আমার মনে হয় না। তবে হতেও পারে। আমি নিশ্চিত, প্রেসিডেন্ট শি আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন। আমি শুধু জানি, জেনসেনকে খুব ভাল করে চিনি। আমার মনে হয়, ও অত্যন্ত সম্মানীয় একজন মানুষ।'

Advertisement

অন্যদিকে, সোমবারই এই অভিযোগ খারিজ করেছে চিন। বেজিংয়ের দাবি, হুয়াংয়ের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য চিন ওই মহিলাকে ব্যবহার করেছে বলে যে অভিযোগ উঠেছে, তার কোনও ভিত্তি নেই। বরং চিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতেই এমন অভিযোগ করা হচ্ছে।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সাংবাদিক বৈঠকে বলেন, 'চিনা গুপ্তচর সংক্রান্ত এই অভিযোগের কোনও ভিত্তি নেই। এটি চিনের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।'

স্বাধীনভাবে তদন্ত শুরু করল Nvidia
রবিবার এনভিডিয়া জানিয়েছে, জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা সংস্থার নজরে পড়েছিলেন কি না এবং তাঁকে ব্যবহার করে কোনও তথ্য সংগ্রহের চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে তদন্ত।

হুয়াং নিজেও এক ব্যবসায়ী মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করেছেন। এ নিয়ে প্রকাশ্যে স্ত্রী এবং সংস্থার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। এনভিডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত একটি খোলা চিঠিতে এই কথা জানিয়েছেন হুয়াং। যদিও ওই মহিলার নাম উল্লেখ করেননি তিনি।

চিঠিতে হুয়াং লিখেছেন, 'আমি এই তদন্তকে সমর্থন করছি। তদন্তকে সম্পূর্ণ সহযোগিতা করব। আমি আমার দেশ এবং সংস্থাকে ভালবাসি। এনভিডিয়াকে সুরক্ষিত রাখা এবং আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।'

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি জানতে পেরেছে যে ওই মহিলা চিনের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন।

সংবাদপত্রটির প্রতিবেদনে ওই মহিলার নাম অ্যালিস হুয়াং বলে উল্লেখ করা হয়েছে। তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার সংস্থা মেগাস্পিড ইন্টারন্যাশনালের প্রাক্তন এগজিকিউটিভ ছিলেন। সংস্থাটির ওয়েবসাইটে এনভিডিয়ার সঙ্গে তাদের পার্টনারশিপ কথা উল্লেখ রয়েছে। এর আগে এনভিডিয়ার উন্নত চিপ চিনে বেআইনিভাবে পাঠানোর অভিযোগও উঠেছিল মেগাস্পিডের বিরুদ্ধে।

তবে এই বিষয়ে মেগাস্পিড ইন্টারন্যাশনাল এবং সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

POST A COMMENT
Advertisement