চিনের প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক।Elon Musk Praises Xi Jinping: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক। তাঁকে রীতিমতো 'দুর্দান্ত নেতা' বলেও উল্লেখ করেন। বুধবার চিনের সরকারি সম্প্রচার সংস্থা CCTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইলন। মাস্কের দাবি, শি জিনপিংয়ের নেতৃত্বে চিনের অর্থনীতি এবং পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে।
মাস্ক বলেন, শি-র নেতৃত্বে চিনে বিপুল সমৃদ্ধি এসেছে। নতুন নতুন বাড়ি, রাস্তা এবং পরিকাঠামো তৈরি হয়েছে। শুধু বড় প্রকল্প নয়, সাধারণ মানুষের জীবনেও সেই উন্নতির ছাপ দেখা যায় বলে মন্তব্য করেন তিনি।
চিনের রাস্তায় হাঁটলেই সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন চোখে পড়ে বলে জানান টেসলা কর্তা। তাঁর এই মন্তব্য এমন একটি সময়ে সামনে এল, যখন চিন ও আমেরিকার মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।
জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক
মাস্কের মন্তব্যের সময়টিও বেশ গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে শি জিনপিংয়ের। চলতি বছরে দুই রাষ্ট্রনেতার মধ্যে এটি দ্বিতীয় শীর্ষ বৈঠক। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
চিনের প্রেসিডেন্টে সম্মানে হোয়াইট হাউসে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। সেখানে আমেরিকার একাধিক বড় সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। মাস্কেরও ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বলে Reuters জানিয়েছে।
সাংহাইয়ের টেসলা কারখানার প্রশংসা
শুধু শি চিনফিং নন। চিনে টেসলার ব্যবসা নিয়েও প্রশংসা করেছেন মাস্ক। বিশেষ করে সাংহাইয়ের টেসলা কারখানার কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
সাংহাইয়ে টেসলার সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র রয়েছে। একই সঙ্গে এটি সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ রফতানি কেন্দ্র। মাস্ক এই কারখানার কর্মীদের অত্যন্ত দক্ষ, পরিশ্রমী এবং বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছেন।
সাংহাইয়ের কারখানাটিকে তিনি টেসলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছেন। কারখানাটি নিজে গিয়ে দেখলে সেটি কতটা ভাল, তা বোঝা যায় বলেও মন্তব্য করেছেন মাস্ক।
চিনে টেসলার গাড়ির বিক্রি কত?
সাংহাইয়ের কারখানায় তৈরি হয় টেসলার Model 3 এবং Model Y। এই দুই মডেলের গাড়ি চিনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন বাজারে রফতানি করা হয়।
Reuters-এর রিপোর্ট অনুযায়ী, অগাস্টে সাংহাই কারখানায় তৈরি Model 3 এবং Model Y-এর বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৬ শতাংশ বেড়েছে। তবে আগের মাসের তুলনায় বৃদ্ধির গতি অনেকটাই কমেছে।
টেসলার চিনের ব্যবসা নিয়ে ভবিষ্যতে কোনও বড় পরিবর্তন হবে কি না, তা নিয়েও নানা জল্পনা রয়েছে। এর আগে চিনে টেসলার ব্যবসাকে আলাদা করে দেওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া জল্পনা খারিজ করেছিলেন মাস্ক। একই সঙ্গে SpaceX-এর সঙ্গে সম্ভাব্য সংযুক্তি নিয়েও নানা আলোচনা চলছে।
মাস্কের মন্তব্য তাই শুধু জিনপিংয়ের প্রশংসা হিসাবেই দেখা যাচ্ছে না। এর সঙ্গে চিনে টেসলার বড় ব্যবসাও জড়িয়ে।