
২০২৬ সালের বিশ্বসুন্দরী (Miss Universe 2026) নির্বাচিত হলেন পুয়ের্তো রিকো-র মডেল জেনিফার ব্যারেতো। এছাড়া মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ (Miss Universe India 2026) অর্থাত্ বিশ্বের সবচেয়ে সুন্দরী ভারতীয় মহিলার খেতাব জিতলেন কেরলের ১৯ বছর বয়সী যুবতী কাজিয়া লিজ মেজো।

দীর্ঘ কয়েক সপ্তাহের প্রতিযোগিতা, ১১৬ জন প্রতিযোগীর লড়াই, প্রতিভার প্রদর্শন এবং বিভিন্ন দেশের সংস্কৃতির উদযাপনের পর শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট জিতে নিলেন ব্যারেতো। প্রথম রানার আপ হয়েছে ডোমিনিকান রিপাবলিক এবং দ্বিতীয় রানার আপ ভেনেজুয়েলা। তৃতীয় ও চতুর্থ রানার আপ হয়েছে যথাক্রমে ফিলিপিন্স ও নিউজিল্যান্ড।

প্রতিযোগিতার শেষ পর্বে প্রতিযোগীদের সামনে একটি সাধারণ প্রশ্ন রাখা হয়েছিল। প্রশ্ন ছিল, এই মুহূর্তে বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি কী প্রত্যাশা করে বিশ্ব? উত্তরে ব্যারেতো জানান, বিশ্বের এখন এমন নেতৃত্ব প্রয়োজন, যাঁরা নিজেদের দায়িত্ব পালনে দক্ষ। তাঁর মতে, নিজেদের অবস্থান দৃঢ় করার পাশাপাশি অন্যদের সামনে উদাহরণ তৈরি করার দায়িত্বও নেতাদেরই নিতে হবে।

তিনি আরও বলেন, 'স্থানীয় মানুষের প্রয়োজন ও সমস্যাগুলি মন দিয়ে শুনে সেই অনুযায়ী কৌশল তৈরি করতে চান। মানুষের প্রয়োজন বুঝে ক্ষতিকর আচরণ প্রতিরোধের উপযুক্ত ব্যবস্থা নেওয়া গেলে তবেই দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা সম্ভব।'

মডেলিংয়ের বাইরেও নিজের পেশাগত পরিচয় রয়েছে ব্যারেতোর। তিনি এক সন্তানের মা। তাঁর সন্তানের বয়স সাত বছর। মনোবিজ্ঞান এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক, এই দুই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। বর্তমানে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে প্রতিরোধমূলক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন তিনি।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এই বছর সৌন্দর্য প্রতিযোগিতাটির ৭৫তম বর্ষপূর্তি। সেই উপলক্ষে নভেম্বরের শুরুতেই নতুন মুকুটের উদ্বোধন করে মিস ইউনিভার্স অর্গানাইজেশন। মুকুটটির নাম 'দ্য রেডিয়্যান্স অফ অ্যান ইটারনাল লেগ্যাসি'।

জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলস এবং প্যারিসের গয়না প্রস্তুতকারী সংস্থা মেইসন ডি'অরের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মুকুট। ১৮ ক্যারেটের সাদা সোনার উপর বসানো হয়েছে ৩১৫০টি হিরে।

তবে এবারের প্রতিযোগিতা শুধু গ্ল্যামারের জন্য নয়, একাধিক বিতর্কের কারণেও শিরোনামে এসেছে। ভিসা সংক্রান্ত সমস্যা এবং ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিরোধের জেরে কয়েকজন প্রতিযোগী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। পাশাপাশি মিস ইউনিভার্স ইজরায়েলের জাতীয় পোশাক নিয়েও বিতর্ক তৈরি হয়।

এ বছর ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কেরলের ১৯ বছর বয়সি কাজিয়া লিজ মেজো। আন্তর্জাতিক মঞ্চে সেরা ৩০-এ জায়গা করে নিলেও বিকিনি পর্বের পর সেরা ১২-তে পৌঁছতে পারেননি তিনি।

পেশায় মডেল এবং আইনের ছাত্রী কাজিয়া চলতি বছরেই প্রথম কেরলের মহিলা হিসেবে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জিতে ইতিহাস তৈরি করেছিলেন। মিস ইউনিভার্স কেরলের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ খেতাবজয়ী।

২০২৪ সালে মিস টিন ডিভা জয়ের মাধ্যমে তাঁর সৌন্দর্য প্রতিযোগিতার যাত্রা শুরু। পরের বছর মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৫-এ ভারতের প্রতিনিধিত্ব করে প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ভারত তিনবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। ১৯৯৪ সালে সুস্মিতা সেন, ২০০০ সালে লারা দত্ত এবং ২০২১ সালে হারনাজ সান্ধু এই খেতাব জিতেছিলেন।