Bengal BJP: 'দলের উর্ধ্বে নন... কড়া ব্যবস্থা হবে', কাদের হুঁশিয়ারি দিলেন সুনীল বনসল?

বঙ্গ-বিজেপির অন্দরে শৃঙ্খলার পাঠ! দলীয় নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা, নেতাদের হুঁশিয়ারি সুনীল বনসলের। দলীয় নির্দেশ অমান্য করলে পদমর্যাদা না দেখে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সাফ জানিয়ে দিলেন বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক।

Advertisement
'দলের উর্ধ্বে নন... কড়া ব্যবস্থা হবে', কাদের হুঁশিয়ারি দিলেন সুনীল বনসল?নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা, নেতাদের হুঁশিয়ারি সুনীল বনসলের।
হাইলাইটস
  • শমীক ভট্টাচার্য এর আগেই বিজেপি কর্মীদের সংযমের বার্তা দিয়েছিলেন।
  • এবার রীতিমতো হুঁশিয়ারি দিলেন সুনীল বনসল।
  • ক্ষমতায় আসার পর থেকেই বঙ্গ-বিজেপির একাংশের মধ্যে অসন্তোষের আবহ তৈরি হয়েছে।

বেশি কথা হয়ে যাচ্ছে। শমীক ভট্টাচার্য এর আগেই বিজেপি কর্মীদের সংযমের বার্তা দিয়েছিলেন। এবার রীতিমতো হুঁশিয়ারি দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। দলীয় নির্দেশ অমান্য করলে পদমর্যাদা না দেখে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সাফ জানিয়ে দিলেন।

ওয়াকিবহাল মহলের মতে, ক্ষমতায় আসার পর থেকেই বঙ্গ-বিজেপির একাংশের মধ্যে অসন্তোষের আবহ তৈরি হয়েছে। প্রাক্তন তৃণমূল নেতাদের দলে যোগদান নিয়েও প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন পুরনো কর্মীদের একাংশ। কোথাও আবার গোষ্ঠীদ্বন্দ্বও দেখা যাচ্ছে।  

শুক্রবার সল্টলেকে বিজেপির দফতরে সাংগঠনিক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিভিন্ন জেলার সভাপতি, বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা এবং অন্য সাংগঠনিক পদাধিকারীরা।

দলীয় সূত্রে খবর, সুনীল বনসল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংগঠনের ঊর্ধ্বে কেউ নন। কোনও নেতা বা জনপ্রতিনিধি নিজের ইচ্ছেমতো দলের সিদ্ধান্ত অগ্রাহ্য করতে পারবেন না। এমন আচরণ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

বৈঠকে বিধায়কদের একাংশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বনসল। অভিযোগ, কয়েক জন বিধায়ক নিজেরা সাংগঠনিক বৈঠকে হাজির না হয়ে প্রতিনিধি পাঠাচ্ছেন। এই প্রবণতা বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, কোনও বিধায়ক বৈঠকে আসতে না পারলে প্রতিনিধি পাঠানোর প্রয়োজন নেই। কিন্তু সংগঠনের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনে জয়ের পর বিভিন্ন এলাকায় প্রাক্তন তৃণমূল নেতা-কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। স্থানীয় স্তরে অনেক পুরনো বিজেপি কর্মী এই নিয়ে আপত্তি তুলছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন বিরোধী দলে থেকে যাঁরা সংগঠন গড়েছেন, নতুনদের গুরুত্ব দিতে গিয়ে তাঁদের উপেক্ষা করা হচ্ছে।

রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও আগে তৃণমূলের 'অবাঞ্ছিত' লোকজনকে দলে নেওয়া নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু বিভিন্ন জেলায় যোগদান অব্যাহত রয়েছে বলে দলীয় সূত্রের খবর। ফলে পুরনো ও নতুনদের মধ্যে দূরত্ব বাড়ছে।

বিরোধী দল থেকে শাসকদলে বদলের পর বিজেপির সামনে এখন সংগঠন সামলানোর বড় চ্যালেঞ্জ। দলের মধ্যেই আলাদা-আলাদা গোষ্ঠী তৈরি হলে দলের নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। বনসলের বার্তাকে তাই সংগঠনের কর্তৃত্ব ফেরানোর প্রচেষ্টা হিসাবেই দেখছে রাজনৈতিক মহল। 

Advertisement

POST A COMMENT
Advertisement