সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্যে ১০ হাজারের বেশি পদে নতুন নিয়োগ হবে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, বিভিন্ন সরকারি দফতরে মোট ১০,১৪৬টি পদে নিয়োগ করা হবে। পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি তুলে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানালেন। এর আগেই সে ঘোষণা করেছিলেন। আজ তাতে শিলমোহর পড়ল।
কোন কোন দফতরে নিয়োগ হবে?
পাবলিক সার্ভিস কমিশন (PSC), পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (PRB) এবং হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে। কিছু ক্ষেত্রে জেলাশাসকদের মাধ্যমেও প্রকল্প অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। নতুন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ধাপে ধাপে নিয়োগের কাজ শুরু হবে।
সরকারি চাকরির আবেদনে আর ফি লাগবে না
সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য আর ফি দিতে হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, চাকরির আশায় থাকা বেকার যুবক-যুবতীদের কাছ থেকে আবেদন ফি নেওয়া উচিত নয়। এই প্রস্তাব কার্যকর করার জন্য অর্থ দফতর কাজ করছে।
এর আগে মুখ্যমন্ত্রী ২০২৭ সাল থেকে সরকারি চাকরির পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমায় দু'বছর ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। পাশাপাশি স্নাতক ও স্নাতক নন, এমন চাকরিপ্রার্থীদের জন্য 'ভরসা' প্রকল্পের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে অন্তত পাঁচ বছর আর্থিক সহায়তা দেওয়ার কথা ভাবছে সরকার।
মার্চের মধ্যে এক লক্ষ নিয়োগের টার্গেট
রাজ্য সরকারের লক্ষ্য, ২০২৭ সালের মার্চের মধ্যে মোট এক লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা। ডিসেম্বর মাসে ১,৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। পুলিশ-সহ বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার।
এদিকে, আগামী ৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনে একাধিক বিল পেশের পরিকল্পনা রয়েছে সরকারের। নতুন সরকারের প্রথম শীতকালীন অধিবেশন ঘিরে তাই আগ্রহ তুঙ্গে রাজনৈতিক মহলের।