সাইকেলের গুণগত মানেও জোর দেওয়া হচ্ছে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Suvendu Adhikari: সবুজ সাথী এখন 'সারথি'। বদলেছে লোগোও। তবে শুধু নাম বা লোগো বদল নয়, সাইকেলের গুণগত মানেও জোর দেওয়া হচ্ছে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের সাইকেল বিতরণ কর্মসূচি ছিল। সেখানেই এ কথা জানান শুভেন্দু। এবার থেকে স্কুলে আর নীল নয়, গেরুয়া-সাদা সাইকেল দেওয়া হবে।
'তিন স্তরের পরীক্ষা'
মুখ্যমন্ত্রী বলেন, 'আজকে আমরা পুরনো যে সবুজ সাথী সাইকেল স্কিম ছিল, তার নাম বদল করে সারথি নামে নতুন লোগো দিয়ে আমরা এই কর্মসূচির আজকের সূচনা করলাম।' সাইকেলের 'গুণমান পরীক্ষা এবং নিরীক্ষার ব্যবস্থা'ও করা হয়েছে। 'তিন স্তরের পরীক্ষার মধ্য দিয়ে ফ্রেম এবং গার্ডের মান বাড়ানো হয়েছে,' জানালেন শুভেন্দু।
শুভেন্দু বলেন, গ্রামের রাস্তা হোক বা শহরের রাস্তা, ছোট রাস্তা হোক বা বড় রাস্তা; সব ধরনের রাস্তার কথা মাথায় রেখেই টায়ারের মান নির্ধারণ করা হয়েছে।
শুভেন্দু বলেন, 'আগামী দিনে স্কুলের পোশাকের কি রং হবে, কি ব্র্যান্ড হবে, স্কুলই ঠিক করবে। আমরা শুধু স্কুলের ইউনিফর্মের গুণগত মান বৃদ্ধি করার কাজ করব।'
শুভেন্দু এদিন বলেন, 'স্কুলে স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার, এটার তীব্র বিরোধী আমি।' তাঁর দাবি, মোবাইলের কারণে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। তাই পুরনো ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ক্লাস ইলেভেন-টুয়েলভে ১০ হাজার টাকার ডিভাইস সহায়তার যে প্রকল্প, তার বিকল্প নিয়েও ভাবনার কথা জানান তিনি। শুভেন্দু বলেন, 'টাকা বেশি লাগলে দেব, আমরা প্রয়োজনে শুধুমাত্র এডুকেশন রিলেটেড ট্যাব দেব, মোবাইল ফোন আমরা দেব না।' ভবিষ্যতে পড়াশোনার নির্দিষ্ট কাজে ব্যবহারযোগ্য ডিভাইস দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান শুভেন্দু। আরও পড়ুন: 'আমি স্কুলে মোবাইলের বিরোধী', এ বছর থেকে নতুন প্ল্যান, ঘোষণা শুভেন্দুর
উল্লেখ্য, এর আগেও স্কুলে মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু।