যাদবপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, "শীঘ্রই রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন হবে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড় আপডেট। দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচনের বন্ধ তালা শীঘ্রই খুলতে চলেছে। শুক্রবার এই তথ্য জানিয়েছেন, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার যাদবপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, 'শীঘ্রই রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন হবে।' এই ভোটে কারা জয়লাভ করবে সে ব্যাপারে আশাবাদী শুভেন্দু অধিকারী। ঠিক যখন ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিরোধী দল-সহ বিভিন্ন মহল সরব, তখনই এহেন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য বিষয় হল, আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ১৫ বছরে রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রের অধিকাংশ জায়গাতেই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে বারে বারেই অভিযোগ উঠেছে। শুভেন্দু অধিকারী এদিন বলেন, 'শীঘ্রই ছাত্র সংসদ নির্বাচন হবে। আমি আত্মবিশ্বাসী, সব জায়গাতেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) জয়ী হবে। কলেজগুলিতে গেরুয়া পতাকা উড়বে।'
প্রসঙ্গত, ABVP রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ অর্থাৎ RSS-এর সঙ্গে যুক্ত একটি ছাত্র সংগঠন। দীর্ঘদিন ধরেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি বারবার জানিয়ে এসেছে বিরোধী দলগুলি। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনার পর এই দাবি আরও জোরালো হয়েছে।
শুক্রবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য বিজেপি সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না। তিনি রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে নির্বাচন আয়োজনের দাবি জানান। তিনি বলেন, "ছাত্র সংসদ নির্বাচন হবে কি না, সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে।" আর তারপরেই এই ঘোষণা করলেন CM শুভেন্দু অধিকারী।