হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সাইকেল বিতরণ কর্মসূচিতে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।Suvendu Adhikari: স্কুল পড়ুয়াদের মোবাইল ফোনের জন্য় ১০ হাজার টাকা নয়। তার বদলে দেওয়া হতে পারে বিশেষ ট্যাব। সেই ট্যাবে শুধুমাত্র পড়াশোনার কাজই করা যাবে। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সাইকেল বিতরণ কর্মসূচিতে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, স্কুলের পড়ুয়াদের মোবাইল ব্যবহারের তিনি 'ঘোর বিরোধী'। তাই আগামিদিনে শুধুমাত্র পড়াশোনা করা যাবে, এমন ডিভাইস দেওয়ার কথা ভাবছে সরকার।
মঙ্গলবার ‘সারথি’ কর্মসূচির(সবুজ সাথীর নতুন নাম) সূচনামঞ্চ থেকে শুভেন্দু বলেন, 'স্কুলে স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার, এটার তীব্র বিরোধী আমি।' তাঁর দাবি, মোবাইলের কারণে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। তাই পুরনো ব্যবস্থায় বদল আনার প্রয়োজন রয়েছে।
বলেন, 'এখন থেকে ভাবুন, টাকা বেশি লাগলে দেব, আমরা প্রয়োজনে শুধুমাত্র এডুকেশন রিলেটেড ট্যাব দেব, মোবাইল ফোন আমরা দেব না।'
উল্লেখ্য, এর আগে স্কুলে মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণের পক্ষেও সওয়াল করেছিলেন শুভেন্দু।
উত্তরপ্রদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ধরনের ট্যাব দেয় যোগী সরকার। সেই ট্যাবে শুধুমাত্র পড়াশোনা সংক্রান্ত কিছু অ্যাপই থাকে। পড়াশোনা, তথ্য সংক্রান্ত ওয়েবসাইট ছাড়া বাকি কিছু অ্যাকসেস করা যায় না। সোশ্যাল মিডিয়া বা গেমিংয়ের অপশন ব্লক করা থাকে। সম্ভবত তেমনই ট্যাবের কথা ভাবছেন শুভেন্দু।
স্কুলের পোশাকের রং ঠিক করবে স্কুলই
পড়ুয়াদের ইউনিফর্ম নিয়েও এদিন বার্তা দেন শুভেন্দু। বলেন, 'আগামিদিনে স্কুলের পোশাকের কি রং হবে, কি ব্র্যান্ড হবে, স্কুলই ঠিক করবে।' অর্থাৎ, বিশ্ববাংলা লোগো দেওয়া নীল-সাদা ইউনিফর্ম তুলে দেওয়া হবে।
তবে পোশাকের গুণগত মান বাড়ানোর বিষয়ে সরকারের নজর থাকবে বলে জানিয়েছেন তিনি।
'সবুজ সাথী' নয়, এবার 'সারথি'
হাওড়ার অনুষ্ঠান থেকে পুরনো সাইকেল প্রকল্পের নাম বদলের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আজকে আমরা পুরনো যে সবুজ সাথী সাইকেল স্কিম ছিল, তার নাম বদল করে সারথি নামে নতুন logo দিয়ে আমরা এই কর্মসূচির আজকের সূচনা করলাম।'
শুধু নাম বা লোগো বদল নয়। সাইকেলের গুণগত মান নিয়েও একাধিক পরীক্ষা করা হয়েছে বলে দাবি তাঁর। 'আমরা এর গুণমান পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছি,' বলেন শুভেন্দু।
ফ্রেম, গার্ড এবং টায়ারের মান বাড়ানো হয়েছে বলে জানান। বিশেষ করে গ্রাম ও শহরের বিভিন্ন ধরনের রাস্তার কথা মাথায় রেখে টায়ারের মান বাড়ানো হয়েছে বলে জানান শুভেন্দু।