সপ্তমীতে কোথায় কোথায় বৃষ্টি? (ছবি: পিক্সেলস)আজ সপ্তমী। পুজোর দ্বিতীয় দিন। বাঙালি এখন পুরো উৎসব মুডে। আজই ঠাকুর দেখার প্ল্যান রয়েছে অনেকের। যদিও মহাসপ্তমীতেও প্যান্ডেলে ঘোরার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ভিজবে উত্তরবঙ্গও। যার ফলে আজও ঠাকুর দেখতে বেরনোর সময় হাতে রাখতে হবে ছাতা। নইলে ভেজা ছাড়া উপায় নেই।
তাই আর সময় নষ্ট নয়, বরং সপ্তমীতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, সেটা জেনে নিন।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?
আজ শনিবার, মহাসপ্তমী। আর এই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে। হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতে বৃষ্টির আশঙ্কা থাকছে। সেই সঙ্গে বর্ষণ সইতে হবে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও।
তবে একটা ভাল খবর দিই। আজ ভারী বৃষ্টি হবে না। বরং হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রবল। তাই চিন্তা নেই।
সপ্তমীতে কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
এই বিষয়টাও পরিষ্কার করে দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সকালের দিকে আকাশে মেঘ দেখা যেতে পারে। যদিও বিকেলের পর হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। এই সময় শহরের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এমনকী কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও প্রবল। তাই ঠাকুর দেখার সময় অবশ্যই সঙ্গে ছাতা রাখুন। বিশেষত, যাঁরা বিকেল বা সন্ধের দিকে বেরচ্ছেন, তাঁরা অবশ্যই সঙ্গে ছাতা নেবেন। নইলে হুট করে ভিজে যেতে পারেন।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সপ্তমীতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ সেলসিয়াসের ডিগ্রির মতো। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা প্রবল। যেহেতু আকাশ মেঘলা থাকবে, তাই একটা অস্বস্তিজনিত গরম থাকার সম্ভাবনা প্রবল। বৃষ্টি হলেও খুব একটা স্বস্তি মিলবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?
শনিবার উত্তরবঙ্গেও কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু অংশ বর্ষণের মুখ দেখতে পারে। কিন্তু বাকি জেলাগুলিতে তেমন সমস্যার আশঙ্কা কম। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না।
অষ্টমীতে কি হবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল হতে পারে। বৃষ্টির আশঙ্কা কমতে পারে। তবে আবহাওয়া পূর্বাভাস যে কোনও সময় বদলাতে পারে। তেই লেটেস্ট আপডেট জেনে বেরনোই ভাল।