Asish Banerjee Death: মৃত্যুর একদিন আগেও ঋতব্রতর সঙ্গে ১২ মিনিট ফোনে কথা আশিসের,, কী ঘটেছিল

আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু আত্মহত্যা নয়, প্রাতিষ্ঠানিক খুন। এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, কেন আশিসের সুইসাইড নোটের প্রতিটি কথা 'ইন্টারেস্টিং'। শেষবার তাঁর সঙ্গে কী কথা হয়েছিল বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের?

Advertisement
 মৃত্যুর একদিন আগেও ঋতব্রতর সঙ্গে ১২ মিনিট ফোনে কথা আশিসের,, কী ঘটেছিলআশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী কথা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের?
হাইলাইটস
  • আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু আত্মহত্যা নয়, প্রাতিষ্ঠানিক খুন
  • দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
  • শেষবার তাঁর সঙ্গে কী কথা হয়েছিল বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের?

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ ২৩৩ শব্দের সুইসাইড নোটের একদম শেষে এ কথা লিখেও ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। পার্টি অফিসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় স্তম্ভিত রাজ্য রাজনীতি। তবে আশিস বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের অন্দরে দুর্নীতি দেখেও কেন চুপ ছিলেন, কিছু বলতে পারেনি, তা নিয়ে এবার বিস্তারিত ব্যাখ্যা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শেষবার তাঁর সঙ্গে আশিসের কখন কথা হয়েছিল, তা-ও জানালেন। সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, 'এটা আত্মহত্যা নয়, প্রাতিষ্ঠানিক খুন।' 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'মোবাইলটা বের করে দেখছিলাম, শুক্রবার আশিসদার সঙ্গে একাধিকবার কথা হয় আমার। প্রথমবার সেদিন সকাল ১০টা ১২ মিনিটে। তারপর ৩টে ১০ মিনিটে ওঁর কল মিস করি। আমি কল ব্যাক করি ৩টে ৫৭ মিনিটে। প্রায় ১২ মিনিট কথা হয় ওঁর সঙ্গে। তিনি বারবার জানতে চেয়েছিলেন, তাঁর ৩ জন সহায়কের চাকরিটা স্থায়ী হওয়ার কোনও বন্দোবস্ত হয়েছে কি না। সেই শেষ ওঁর সঙ্গে কথা হয়। ওঁর মৃত্যুর খবর অবিশ্বাস্য মনে হয়েছিল।'

কেন সুইসাইড নোট 'ইন্টারেস্টিং' মনে হল ঋতব্রতর? তিনি বলেন, 'মুক্তর মতো হাতের লেখা ওঁর। উনি একটা জায়গায় উল্লেখ করেছেন, সর্বদা সব দলীয় অন্যায় মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। শুধু আশিসদা নয়, আমাদেরও পরিস্থিতি ছিল না। অনুব্রত মণ্ড, স্নেহাশিস চক্রবর্তী, আখরুজ্জামান, শতাব্দী, ঋজু দত্ত, অশিত মাল,  আমাদের কারওই পরিস্থিতি ছিল না প্রতিবাদ করার।'

আশিস বন্দ্যোপাধ্যায় গত এক বছরে নিজের কথা নয়, বারবার দলের কথাই বলতেন, জানিয়েছেন ঋতব্রত। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর যিনি বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। এই বিদ্রোহী তৃণমূল শিবিরে নাম লিখিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়ও। 

ঋতব্রত বলেন, 'আশিস বন্দ্যোপাধ্যায় সর্বজন শ্রদ্বেয় নিপাট ভদ্রলোক ছিলেন। ছাব্বিশের নির্বাচনে হারার পর তো তাঁর অ্যাকাউন্টে ৩৬০ কোটি ঢোকেনি।' মাফিয়া সিন্ডিকেটের মাধ্যমে যাঁরা আশিস বন্দ্যোপাধ্যায়কে আত্মহত্যা করতে বাধ্য করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন বলেও জানিয়েছেন ঋতব্রত। তাঁর বক্তব্য, 'এটা আত্মহত্যা নয়, প্রাতিষ্ঠানিক খুন। CID-র কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাব।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement