২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে?কলকাতা-সহ গোটা রাজ্যে ঠান্ডার অনুভূতি ভালোই টের পাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে ভোরের দিকে হিমেল হাওয়া গায়ে লাগছে। বেশি রাতেও মালুম হচ্ছে ঠান্ডায়। তবে দুপুরের দিকে গায়ে সোয়েটার, জ্যাকেট রাখার দরকার এখনও নেই। এমন অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শীঘ্রই তাপমাত্রা আরও নামতে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কবে থেকে তাপমাত্রা নামতে চলেছে?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন রাতের তাপমাত্রা (সর্বনিম্ন তাপমাত্রা)-তে বিশেষ কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ বুধবার পর্যন্ত ঠান্ডা থাকবে এমনই। এরপর পরবর্তী ৩ দিনে ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৭-১৮ ডিগ্রিতে। বৃহস্পতিবার থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে কলকাতায়। একইসঙ্গে তাপমাত্রা কমবে অন্য জেলাগুলিতেও।
কলকাতায় তাপমাত্রা কত হতে চলেছে?
আজ, ২৯ নভেম্বর শহরের আকাশ আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১.১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২.৭ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।
নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে?
অন্যদিকে, শীত আসার পথে বাধা হয়ে রয়েছে নতুন ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় থাকা ঘূর্ণাবর্তটি এখনও সক্রিয় রয়েছে। অন্যদিকে, আগামী ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।