আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ খুললেন মমতা, ‘বার বার অপমান, মিথ্যা অভিযোগ, প্রবল মানসিক চাপ সহ্য করেছেন’Mamata Banerjee on Ashish Banerjee Death: আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স পোস্টে মমতা লেখেন, 'জীবনের শেষ দিনগুলিতে প্রবল মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আশিসকে। এটি খুবই দুর্ভাগ্যজনক।' আশিসকে বার বার অপমান, মিথ্যা অভিযোগ এবং রাজনৈতিক চাপ তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন মমতা।
তিনি লেখেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তাঁকে গভীরভাবে বিচলিত করেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে রামপুরহাট এবং বীরভূমের মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মমতা লিখেছেন, আশিস ছিলেন অত্যন্ত সাধারণ, বিনয়ী মানুষ। শিক্ষকতা এবং সমাজসেবার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দীর্ঘ সময় ধরে রামপুরহাটের মানুষের জন্য কাজ করেছেন।
মমতার দাবি, আশিসকে বার বার অপমান করা হয়েছে, মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং লাগাতার চাপের মধ্যে রাখা হয়েছে। এই রাজনৈতিক এবং মানসিক চাপের 'পরিণতি' নিয়ে সকলের ভাবা উচিত বলেও মন্তব্য করেন তৃণমূল নেত্রী।
মমতা আরও বলেন, আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের পাঁচবারের বিধায়ক ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার পদেও ছিলেন। রাজ্য সরকারের একাধিক দফতরের দায়িত্বও সামলেছেন। রামপুরহাটের উন্নয়নের জন্য বহু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, লেখেন মমতা।
সোশ্যাল মিডিয়া পোস্টে আশিসের পরিবারের পাশাপাশি তাঁর প্রিয়জন, প্রাক্তন ছাত্রছাত্রী এবং অনুরাগীর প্রতিও সমবেদনা জানিয়েছেন মমতা।
রবিবার সকালে রামপুরহাটে নিজের বাড়ির কাছেই তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। তিনি প্রাক্তন বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
আশিস ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচ বার রামপুরহাটের বিধায়ক ছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন।
ঘটনায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি জানিয়েছেন, আশিসের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। শুভেন্দুর বলেন, আশিস অত্যন্ত ভদ্র, সজ্জন রাজনৈতিক নেতা ছিলেন। স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গেও তাঁর ভাল সম্পর্ক ছিল। আশিসের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল ছিল বলেও জানান তিনি।
শুভেন্দু আরও বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর আশিস তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পাশাপাশি আশিসের পরিবারকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তিনি।