দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রকুটিকলকাতা সহ রাজ্য থেকে বৃষ্টি প্রায় যাই যাই করলেও, পুজো নিয়ে চিন্তায় বঙ্গবাসী। এরইমধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রকুটি। যদিও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের প্রভাব বাংলায় পড়ে না। তবে পুজোয় যে রাজ্যে বৃষ্টি হবেই না, একথা এখনও জোর দিয়ে বলার উপায় নেই।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা
থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত এখনও রয়েছে। এটি প্রায় ১১ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে উদ্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে প্রায় ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুজোয় আবহাওয়া কেমন থাকতে পারে?
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ষষ্ঠী ও প্রথম সপ্তমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
দ্বিতীয় সপ্তমী এবং অষ্টমীর দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, নবমী ও দশমীতে কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। অন্যদিকে, পুজোয় উত্তরবঙ্গ শুষ্কই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকতে পারে?
এদিন দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের এক বা দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
অন্যদিকে, এদিন উত্তরবঙ্গের সব জেলার এক বা দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD।