আইআইটি খড়গপুরকে সাহায্য করছে গুগলআইআইটি খড়গপুরকে ৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করছে টেক জায়েন্ট গুগল। ভারতীয় টাকায় যার মূল্য আনুমানিক ৪৬.৩৪ কোটি টাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে গবেষণা ও শিক্ষার প্রসারে আইআইটি খড়গপুরকে এই সাহায্য করছে গুগল। এছাড়া পড়ুয়া ও শিক্ষকদের AI ট্রেনিং দেওয়ার ক্ষেত্রেও গুগল সহযোগিতার হাত বাড়িয়েছে।
মাথায় রাখতে হবে, গুগলের বর্তমান সিইও সুন্দর পিচাই নিজেও আইআইটি খড়গপুরের প্রাক্তনী। এই নতুন উদ্যোগ নিয়ে মুখ খুলেছেন তিনিও। তাঁর কথায়, 'ভারতীয় ভাষা, কৃষি এবং শিক্ষার মতো ক্ষেত্রে আইআইটি খড়গপুর যুগান্তকারী কাজ করছে। এই কাজের গতি আরও বাড়াতে নতুন পার্টনারশিপের মাধ্যমে সাহায্য করতে পেরে গুগল আনন্দিত।'
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে পিচাই লেখেন, 'আশা করি, এই সহযোগিতা আগামী প্রজন্মের পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার পথ দেখাবে। ঠিক যেভাবে আইআইটি খড়গপুর আমার নিজের জীবন গঠনে ভূমিকা নিয়েছিল।' তিনি আরও বলেন, 'ইনোভেশনের ক্ষেত্রে ভারত ক্রমশ সামনের সারিতে উঠে আসছে। এই ধরনের কর্মসূচি নিশ্চিত করবে যে, ভারতে প্রত্যেকের কাছে AI-এর সুফল পৌঁছে দেওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।'
গুগলের ৫০ লক্ষ ডলারের অনুদানে কী কী কাজ হবে?
এই নিয়ে একটি ব্লগ পোস্ট করেছে গুগল। তারা জানিয়েছে, এই অনুদানের টাকা মূলত তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হবে। প্রথমত, উন্নত AI গবেষণার কাজে ব্যবহার হবে এই টাকা। আইআইটি খড়গপুরের গবেষকরা ভারতীয় ভাষা, বিজ্ঞান, কৃষি এবং শিক্ষা প্রযুক্তির মতো ক্ষেত্রে বাস্তব সমস্যার সমাধানে এআই-এর অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন।
এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হল ভারতীয় ভাষা। বিভিন্ন ভারতীয় ভাষায় কথা বলা মানুষের জন্য আরও উন্নত AI পরিষেবা ও প্রযুক্তি তৈরি করার সম্ভাবনা খতিয়ে দেখা হবে। কৃষিক্ষেত্রেও চাষাবাদের বিভিন্ন সমস্যার সমাধানে AI কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে গবেষণা চলবে। সেই সঙ্গে ম্যাটেরিয়াল সায়েন্স ও শিক্ষা প্রযুক্তি নিয়েও কাজ চলবে।
দ্বিতীয় ক্ষেত্রটি হল শিক্ষা। পড়ুয়া, শিক্ষক এবং অধ্যাপকদের জন্য AI ট্রেনিং ও সিলেবাস তৈরিতে সাহায্য করবে গুগল। বিভিন্ন শিল্পক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব ক্রমশ বাড়ছে। সেই কথা মাথায় রেখেই আরও বেশি মানুষকে AI সম্পর্কে শিক্ষিত করে তোলার টার্গেট নেওয়া হয়েছে।
তৃতীয় জায়গা হল AI-এর পরিকাঠামো ও ক্ষমতা বৃদ্ধি। এর মাধ্যমে আইআইটি খড়গপুরের AI এবং বিভিন্ন জরুরি প্রযুক্তিগত সরঞ্জামের পরিকাঠামো উন্নত করা হবে। যার ফলে আরও আধুনিক হয়ে উঠবে ক্যাম্পাস।
ভারতে AI সেক্টরে নিজেদের উপস্থিতি আরও মজবুত করতে চায় গুগল। সেই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই তারা এভাবে সাহায্য করছে।