সাইক্লোন অর্ণব (ছবি: প্রতীকী)ঘূর্ণিঝড় অর্ণবের জন্য ইতিমধ্যেই বদলে গিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে রয়েছে ঝড়ের দাপট। আর আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের জন্য ২৯ অক্টোবর, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। এমনকী কলকাতাতেও মেঘলা থাকতে পারে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের দাপট দেখা যেতে পারে। তাই ঝটপট আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন।
ঘূর্ণিঝড়ের কী খবর?
এই বিষয়টা নিয়ে রাত ১১টা ৩০ মিনিটে শেষ আপডেট দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। তারা জানিয়েছে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করা ঘূর্ণিঝড় 'অর্ণব' গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে প্রায় উত্তর দিকে অগ্রসর হয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়েছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
বুধবার, ২৮ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে গভীর নিম্নচাপটি উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা, দক্ষিণ ছত্তিশগড় ও উত্তর-পূর্ব তেলঙ্গানার উপর অবস্থান করছিল। এর অবস্থান ছিল ১৭.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
প্রায় উত্তর দিকে অগ্রসর হতে থাকা এই গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার, ২৯ অক্টোবর সকালের মধ্যে আরও দুর্বল হয়ে যেতে পারে। তারপর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল।
আবহাওয়া দফতর জানিয়েছে, গোপালপুর, রায়পুর ও সম্বলপুরের ডপলার আবহাওয়া ব়্যাডারের মাধ্যমে ঘূর্ণিঝড় অর্ণবের গতিবিধির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে।
দুর্যোগ চলবে
দুর্বল হল অর্ণব। তবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এখনই বদল দেখা যাবে না। বরং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ২৯ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে।
ওদিকে আবার কলকাতার আশপাশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পরিস্থিতি তৈরি হতে পারে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আরও জানা গিয়েছে, কলকাতায় সারাদিনই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বদলে যেতে পারে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও নাগাড়ে নয়, বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কাই প্রবল।
উত্তরবঙ্গে কী হবে?
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই যাঁরা উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন, তাঁরা সাবধানে থাকুন।
এখনও সমুদ্রে জারি রয়েছে সতর্কতা। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। যেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।