চন্দননগর জগদ্ধাত্রী পুজো শুক্রবার চন্দননগরে আনুষ্ঠানিক ভাবে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনিও কি এ বার চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান করেছেন? বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেবেন ঠিক করেছেন? তবে যাওয়ার আগে আপনার জন্য রইল সম্পূর্ণ গাইডম্যাপ।
শুভেন্দুর কর্মসূচি
এ দিন বেলা আড়াইটে নাগাদ চন্দননগরের মেরি মাঠে অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী পুজোর মেগা ইভেন্ট। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর আদি মায়ের পুজো দেখবেন তিনি। তারপর রানিঘাটে আরতি সেরে ফিরবেন জগদ্দল হয়ে।
জগদ্ধাত্রী পুজো দেখার গাইডম্যাপ
আলোর শহরে কী ভাবে পৌঁছবেন? কোন পথে যাবেন? কখন গেলে একসঙ্গে দেখে নিতে পারবেন অধিকাংশ মণ্ডপ? সব খুঁটিনাটি রইল দর্শানার্থীদের জন্য।
পুজো কবে?
চন্দননগরে উৎসব শুরু হয়ে যাচ্ছে ১৫ নভেম্বর অর্থাৎ ষষ্ঠী থেকে। আগামী ১৮ নভেম্বর, বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমী।
কী ভাবে যাবেন?
কলকাতা থেকে চন্দননগর পৌঁছোনোর সবচেয়ে সহজ উপায় লোকাল ট্রেন। হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল বা বর্ধমানগামী লোকাল ট্রেনে উঠে সরাসরি পৌঁছে যেতে পারেন চন্দননগর। সময় লাগবে প্রায় ৪০-৫০ মিনিট। ভিড় এড়াতে চাইলে মানকুণ্ডু বা ভদ্রেশ্বর স্টেশনে নেমেও পরিক্রমা শুরু করতে পারেন। সে ক্ষেত্রে উল্টো দিক থেকে পুজো দেখা শুরু করে শেষে পৌঁছতে পারেন চন্দননগরে। এ ছাড়াও ব্যারাকপুর বা জগদ্দল থেকে ফেরিতে গঙ্গা পার হয়ে চন্দননগরে পৌঁছনো যায়। কলকাতা থেকে চন্দননগরের দূরত্ব মোটামুটি ৪০-৪৫ কিলোমিটার। ফলে সড়কপথে পৌঁছতে বেশ সময় লাগতে পারে।
পুজো পরিক্রমা
চন্দননগরের সবচেয়ে বড় আকর্ষণ তার চোখধাঁধানো আলোকসজ্জা। তাই পুজো পরিক্রমা শুরু করা উচিত বিকেল থেকেই। চন্দননগরের অধিকাংশ পুজো মণ্ডপ ঘুরে দেখতে হবে হেঁটেই। অবশ্যই ঘুরে দেখুন আদি মা, মেজো মা, বড়বাজার, চারমন্দিরতলা এবং বাগবাজারের মতো পুজোগুলি। এক একটি পুজোর ঠাকুরের উচ্চতা হয় ২০-২৫ ফুট পর্যন্ত।
মানকুন্ডু স্টেশনে নামলে দেখে নিতে পারেন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, নতুন পাড়া, পোস্ট অফিস গলি, চারাবাগান বালক সঙ্ঘ, নিয়োগীবাগান, সার্কাস মাঠ। জি.টি রোড ধরে ভদ্রেশ্বরের দিকে হাঁটলেই পরপর দেখতে পাবেন তেমাথা ছুতোর পাড়া, বারাসত দক্ষিণ চন্দননগর, অরবিন্দ সঙ্ঘ, বারাসত চক্রবর্তী পাড়া, বারাসত ব্যানার্জি পাড়া, তেঁতুলতলা, বারাসত গেট। চন্দননগর জ্যোতি সিনেমা হলের কাছেই রয়েছে তেমাথা শিবমন্দিরের পুজো। যা 'রানিমা' নামেও পরিচিত। লিচুতলা, সাবিনাড়া, ডুপ্লেক্সপট্টি, কাপালিপাড়া সাহেববাগান, আদি হালদারপাড়া, হালদারপাড়া ষষ্ঠী তলা, পাদ্রীপাড়া কালীতলা, লালবাগান পাদ্রীপাড়া, লালবাগান চক পরপর দেখতে পাবেন এই চত্বরেই। তালডাঙার মোড় হয়ে পালপাড়ার দিকে এগিয়ে গেলে দেখতে পারবেন বিবিরহাট, সন্তানসঙ্ঘ, বিদ্যালঙ্কারের মতো ঠাকুরগুলি।